এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ-সুবিধা
টাকা কাটার হার বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
অবসর ও কল্যাণ-সুবিধার জন্য এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে কেটে নেওয়া টাকার হার বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। এই দাবিতে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ-সুবিধা বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবসরের জন্য মূল বেতনের ৬ শতাংশ ও কল্যাণ-সুবিধার জন্য ৪ শতাংশ টাকা কেটে রাখা হবে। বর্তমানে প্রতি মাসে অবসরের জন্য একেকজন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে ৪ শতাংশ ও কল্যাণ-সুবিধার জন্য ২ শতাংশ টাকা কেটে রাখা হয়।
মানববন্ধনে শিক্ষকনেতারা বলেন, টাকা কাটার হার বাড়ানোর এই সিদ্ধান্তে শিক্ষক সমাজ বিভ্রান্ত ও ক্ষুব্ধ। এ জন্য এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এ ছাড়া পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ আরও কয়েকটি দাবি জানানো হয় মানববন্ধন থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষকনেতা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, আবুল কাশেম, রঞ্জিত কুমার সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
অবশ্য অবসর-সুবিধা বোর্ডের সদস্যসচিব শরীফ আহমদ এবং কল্যাণ-সুবিধা বোর্ডের সদস্যসচিব শাহজাহান আলম গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন, শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ-সুবিধার অর্থ নিয়মিত দেওয়ার লক্ষ্যে শিক্ষকনেতাদের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই টাকার সুবিধা শিক্ষক-কর্মচারীরাই পাবেন।