টাকা কি মাটিতে পুঁতে রাখব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক হিসাব থেকে আবগারি শুল্ক কাটা যাবে—ধারণাটি নিয়ে অনেকের মধ্যেই ভয়ভীতি ও জল্পনা দেখা যাচ্ছে।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, যেকোনো সময় ব্যাংক হিসাবে ১ লাখ থেকে ১০ লাখ টাকা জমা দিলে বা তুললে ৮০০ টাকা আবগারি শুল্ক কেটে রাখা হবে। আগে রাখা হতো ৫০০ টাকা।

তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর থেকে এ বিষয়ে ফেসবুকে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, মাটির ব্যাংকে টাকা জমানোর কথা, কেউবা বলছেন অতীতের মতো মাটির নিচে পুঁতে রাখার কথা।

সৈয়দ হাসানুর রহমান নামের এক ব্যবহারকারী তাঁর স্ট্যাটাসে লিখেছেন, নতুন বাজেটে বাড়ানো হয়েছে আবগারি শুল্ক। ব্যাংকের ছোট আমানতের ওপরও কর বাড়িয়ে জনগণের টাকায় ভাগ বসানো হয়েছে। এক লাখ টাকা কিংবা তার বেশি অর্থ থাকলেই বাড়তি আবগারি শুল্ক দিতে হবে। যা ব্যাংকে টাকা রাখতে গ্রাহকদের নিরুৎসাহিত করবে। কমবে সঞ্চয়প্রবণতা।

‘যাঁদের ব্যাংকে লাখ টাকার ওপরে আছে, তাঁদের আবগারি শুল্ক দিতে সমস্যা কোথায়? এত সমস্যা হইলে আরও কয়েক লাখ টাকা লোন নিয়ে একটা গাড়ি কিনে ফেলেন না কেন? গাড়ির ওপর তো ট্যাক্স কমানো হইছে।’—রেজওয়ান শুভ নামের আরেক ব্যবহারকারীর স্ট্যাটাসটি এ রকম।

প্রথম আলোর ফেসবুক পেজে মামুন মোহাম্মদ নামের একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘টাকা রাখলাম না ব্যাংকে...টাকা দিয়ে একটা বিরাট লোহার বাক্স অথবা মাটির পাতিল কিনে, মাটিতে পুঁতে রেখে দেব!!! আমার টাকা আমার থাকল...।’

ব্যাংক হিসাব থেকে আবগারি শুল্ক কাটা নিয়ে কেউ কেউ স্লোগান লিখেও ফেসবুকে পোস্ট করেছেন। রাজধানীর বনানী থেকে শেখ সাজিদ নামের এক ব্যক্তি লিখেছেন, ‘ব্যাংকে টাকা আর নয়, ঘরেই হবে সঞ্চয়।’ নয়ন ঘোষ নামের একজন লিখেছেন, ‘মাইট্ট্যা ব্যাংকে টাকা জমান, আবগারি শুল্ক থেকে মুক্তি পান।’

কিছুটা ক্ষোভ প্রকাশ করে জোনায়েত জুয়েল নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আবগারি শুল্ক নিয়ে এত বেশি লম্ফঝম্ফ করবেন না। আপনাদের ভাগ্য ভালো যে ফেসবুকিংয়ের ওপর ট্যাক্স দিতে হয় না।’

‘সামনে দিন আসছে, মানুষ ব্যাংকে টাকা রাখবে না। তোষক ও বালিশ ব্যাংক চালু হবে। ডিজিটালের কারণে ছিনতাই কমেছে, আবার ছিনতাই বাড়বে। ঘরে টাকা রাখা শুরু হবে, ডাকাতি বাড়বে, সরকারের টনক নড়বে।’—এ রকম আশঙ্কা প্রকাশ করে মান্নান চৌধুরী নামের এক ব্যক্তি এই স্ট্যাটাস দিয়েছেন।

মো. শামসুল করিম নামের এক ব্যক্তি লিখেছেন, ‘ডিপিএসগুলো যখন ভাঙাতে যাই, খুব খারাপ লাগে। বেচারা দীর্ঘ পাচঁটি কিংবা দশটি বছর আশা করে বসে আছে। এখান থেকে কিছু টাকা পাবে তা দিয়ে কিছু একটা করবে। কিন্তু বছর ওয়ারী আবগারী শুল্ক আর সুদের ওপর ১৫% উৎসে কর নিয়ম মোতাবেক সফটওয়্যার কর্তন করে। গ্রাহককে বললে মনে কষ্ট নিয়ে বাসায় ফেরেন।’

‘প্রিয় অর্থমন্ত্রী, আপনি ফেসবুক স্ট্যাটাসের ওপর ট্যাক্স বসান। বিভিন্ন ধরনের স্ট্যাটাসের জন্য বিভিন্ন রকমের ট্যাক্স।’ মহিউদ্দিন নামের এক ব্যক্তির স্ট্যাটাস এমনই রসাত্মক। শুধু তা-ই নয়, অনেকেই এমন আবগারি শুল্ক নিয়ে মজার মজার স্ট্যাটাসও দিয়েছন।

গ্রন্থনা: মো. মিন্টু হোসেন