টাকা কেড়ে নিয়ে ট্রেন থেকে মুক্তিযোদ্ধাকে ফেলে দিল দুর্বৃত্তরা
পকেটে থাকা পাঁচ হাজার টাকা কেড়ে নিয়ে ট্রেন থেকে মনির উদ্দিন আহমেদ (৬২) নামের এক মুক্তিযোদ্ধাকে ফেলে দিয়েছে দুবৃর্ত্তরা। গত সোমবার লালমনিরহাট রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর বাড়ি হাতিবান্ধা উপজেলার পশ্চিম সাড়ডুবী গ্রামে।
মনির উদ্দিন জানান, তিনি গত সোমবার কমিউটার ট্রেনযোগে হাতিবান্ধা থেকে লালমনিরহাট জেলা শহরে যাচ্ছিলেন। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় তিনি বসার জায়গা না পেয়ে ট্রেনের দরজার কাছে টয়লেটের পাশে দাঁড়িয়ে ছিলেন। লালমনিরহাট রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিডিআর রেলগেট এলাকায় ট্রেনে থাকা চার-পাঁজজন দুর্বৃত্ত তাঁর ফতুয়ার পকেট থেকে পাঁচ হাজার টাকা কেড়ে নেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে তারা তাঁকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়।
খবর পেয়ে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, গোলাম মর্তুজা, আজিজার রহমান, শহীদ পরিবারের সদস্য মুক্তিযোদ্ধা এস সুলতান আহমেদ ও অবাঙালি মুক্তিযোদ্ধা জহির আহমেদ খান প্রমুখ মনিরকে হাসপাতালে দেখতে যান।