কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে গণপিটুনিতে শামসুল আলম ওরফে মনিরের (৩৫) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক নারী গতকাল রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, পাওনা টাকা চাইতে যাওয়ায় শামসুলকে ‘ডাকাত’ অভিহিত করে পিটিয়ে মারা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, হত্যা মামলার প্রধান আসামি ময়নাল হোসেনের স্ত্রী নাছিমা আক্তারকে গত ২৪ জুলাই রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে কুমিল্লার ৮ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। এরপর ১৬৪ ধারায় তাঁর দেওয়া জবানবন্দি রেকর্ড করেন বিচারিক হাকিম সুভ্রা চক্রবর্তী।
আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে নাছিমা আক্তার বলেন, তাঁর ভাশুর মোহাম্মদ আলীর কাছে টাকা পেতেন নিহত শামসুল আলম। টাকার জন্য শামসুল প্রায়ই মোহাম্মদ আলীর বাড়িতে যেতেন। ঘটনার দিন রাতে শামসুল ওই বাড়িতে গিয়ে পাওনা টাকার জন্য শোরগোল শুরু করেন। একপর্যায়ে গ্রামের মসজিদের ইমাম মাইকে ঘোষণা দেন গ্রামে ‘ডাকাত’ এসেছে। এরপর বাড়ির লোকজন মিলে শামসুলকে ধরে ফেলেন। তখন আশপাশের লোকজন কিল ঘুষি মেরে তাঁকে মাটিতে ফেলে দেন। পরে রশি দিয়ে তাঁর পা বেঁধে ফেলা হয়। একই সঙ্গে গামছা দিয়ে চোখ বাঁধা হয়। এরপর কিছু উত্তেজিত লোকজন তাঁর পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এতে পা থেকে রক্ত ঝরতে শুরু করে। কেউ আবার রড দিয়ে পেটায় তাঁকে।
নিহত শামসুলের বাবা মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। টাকা চাইতে গিয়েই তাঁর জীবন গেছে। আমি এর বিচার চাই।’
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুবাই যাওয়ার জন্য তিন বছর আগে কাজিয়াতল গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলীকে সাড়ে তিন লাখ টাকা দেন শামসুল। কিন্তু যে কাজের কথা বলে তাঁকে দুবাই পাঠানো হয়েছিল সেখানে গিয়ে তিনি সে কাজ পাননি। তিনি দুই মাস দুবাই থেকে দেশে ফিরে আসেন। পরে ওই সাড়ে তিন লাখ টাকা আদায়ের জন্য শামসুল চেষ্টা শুরু করেন। এ নিয়ে গ্রাম্য সালিসও হয়। সালিসে মোহাম্মদ আলী ৫০ হাজার টাকা ফেরত দেন। বাকি টাকা পাননি শামসুল। টাকা আদায়ের জন্য তিনি প্রায়ই মোহাম্মদ আলীর বাড়িতে যেতেন। গত ১৪ জুলাই রাতে মোহাম্মদ আলীর বাড়িতে গণপিটুনির শিকার হন শামসুল।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ ওই রাতে শামসুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন সকালে মোহাম্মদ আলীর ভাই ময়নাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় শামসুলকে প্রধান আসামি করে একটি ডাকাতির মামলা করেন।
অন্যদিকে ওই দিন সন্ধ্যায় নিহতের বাবা মোসলেম উদ্দিন সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ময়নাল হোসেনকে ১ নম্বর এবং মসজিদের ইমাম আবুল হাসানকে ২ নম্বর আসামি ও মুরাদনগরের এক সাংবাদিককে ৩ নম্বর আসামি করা হয়। পুলিশ ওই দিন রাতেই মসজিদের ইমামকে তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরলহানিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। ২৪ জুলাই রাতে গ্রেপ্তার করা হয় ১ নম্বর আসামি ময়নাল হোসেনের স্ত্রী নাছিমা আক্তারকে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, টাকাপয়সা নিয়ে নিহত শামসুলের সঙ্গে মোহাম্মদ আলীর বিরোধ ছিল। শামসুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। টাকা চাইতে যাওয়ার কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।