টাকা চেয়ে ২৭টি ব্যাংককে চাপ দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান ওই এলাকার ২৭টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে সভা করে ও চিঠি দিয়ে অনুদান চেয়েছেন। শহর পরিচ্ছন্ন রাখতে উন্নয়নমূলক কাজের জন্য এই অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
প্রথমে গত ১৭ জুলাই ব্যবস্থাপকদের ডেকে বৈঠক করার পর ২০ জুলাই চিঠি দেওয়া হয়। কিন্তু বেসরকারি ব্যাংকগুলোর একটি শাখা বাদে বাকি ২৬টিই এ বিষয়ে আগ্রহ দেখায়নি। এরপর গত রোববার উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সব শাখা ব্যবস্থাপকদের আবারও ডেকে তাঁদের সিদ্ধান্ত জানতে চান। চাপের মুখে ব্যবস্থাপকেরা ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চান। এই সময়ের মধ্যে তাঁরা নিজ ব্যাংকের প্রধান কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে টাকা দেওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সভায় উপস্থিত একাধিক শাখা ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা চেয়ারম্যান প্রতিটি শাখার কাছে দুই থেকে তিন লাখ টাকা চেয়েছেন। এত দিনেও কেন টাকা দেওয়া হলো না, তা জানতে চান তিনি। শাহীন আহমেদ স্থানীয় আওয়ামী লীগের আহ্বায়ক।
শাখা ব্যবস্থাপকদের কয়েকজন বলেছেন, এভাবে টাকা দেওয়ার ক্ষমতা শাখাগুলোর নেই। উপজেলা চেয়ারম্যানের প্রভাবের কথা বিবেচনা করে তাঁরা শঙ্কিত।
জানতে চাইলে চেয়ারম্যান শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, বিভিন্ন ব্যাংক সামাজিক কাজে বা প্রাকৃতিক দুর্যোগে সহায়তা দেয়। এ জন্য কেরানীগঞ্জে অবস্থিত শাখাগুলোকে শহর পরিচ্ছন্ন রাখতে আর্থিক অনুদান দিতে বলা হয়েছে।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি। ডিসেম্বরের মধ্যে তাঁরা টাকা না দিলে বিকল্প উপায়ে ময়লা-আবর্জনা অপসারণের ব্যবস্থা করা হবে।’
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এটা চাঁদার পর্যায়ে পড়ে। জনপ্রতিনিধি হিসেবে ওনার কাজ ওই এলাকায় কর্মরত প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়া। কিন্তু তিনি নিজেই উৎপীড়ন করছেন। এটা গুরুতর অন্যায় ও নীতিবহির্ভূত কাজ।
ইব্রাহিম খালেদের মতে, উপজেলা চেয়ারম্যানের টাকা চাওয়া সিএসআর-এর আওতায় পড়ে না। কারণ, শাখাগুলো এই খাতে টাকা দিতেই পারে না। আর ব্যাংকের প্রধান কার্যালয় তা পারলেও জাতীয় রাজস্ব বোর্ড বলে দিয়েছে, কোন কোন বিষয় সিএসআর-এর আওতায় পড়বে।
গত রোববারের সভায় উপস্থিত একাধিক ব্যবস্থাপক জানান, প্রথম বৈঠকে উপজেলা চেয়ারম্যান বলেছিলেন, কেরানীগঞ্জ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যাংকগুলোর উচিত উপজেলা পরিষদকে অর্থ সহায়তা দেওয়া। এই সহায়তা দিয়ে তিনি ঢাকনাওয়ালা বড় ময়লার ট্রাক, ভ্যান ও ট্রলি কেনার কথা জানান।
ওই সভার সিদ্ধান্ত ২০ জুলাই চিঠি আকারে ব্যবস্থাপকদের কাছে পাঠান শাহীন আহমেদ। কিন্তু চার মাসেও তাঁরা টাকা না দেওয়ায় গত রোববার আবারও তাঁদের ডেকে চাপ দেন।
স্থানীয় জনপ্রতিনিধির এমন আচরণে বিরক্ত ও বিব্রত ব্যাংকগুলোর কর্মকর্তারা। সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয় সূত্র জানায়, ব্যাংকের হাসনাবাদ ও আগানগর শাখা দুটিকে জানিয়ে দেওয়া হয়েছে, এভাবে টাকা দেওয়ার সুযোগ নেই।
মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় অবশ্য এক লাখ টাকা দেওয়ার অনুমতি দিয়েছে। ব্যাংকটির কেরানীগঞ্জ শাখার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে কোন হিসাবে টাকা জমা দেওয়া হবে, তা জানতে চাওয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান বলেন, ওই টাকা এখনো গ্রহণ করা হয়নি। কারণ, অন্য শাখাগুলো অনুদান না দিলে এটাও নেওয়া হবে না।
উপজেলা পরিষদ সূত্র জানায়, চলতি অর্থবছরে উপজেলার জন্য মোট বাজেট বরাদ্দ রয়েছে ২০ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে উপজেলার পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতির অবনতি হয়েছে। ময়লা ফেলার স্থান বেশ দূরে হওয়ায় শহরের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমছে। এই পরিপ্রেক্ষিতে দুটি কাভার্ড ভ্যান কেনার উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ। এতে খরচ হবে ৭০ লাখ টাকা।
এক প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে তিনি এই খাতে টাকা চেয়েছেন। তারা উপজেলার বাজেট থেকে এটা কিনতে বলেছে। ব্যাংকগুলো টাকা না দিলে তিনি বিকল্প উপায়ে টাকা জোগাড় করবেন বলে জানান।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাহফুজুর রহমান বলেন, ‘কেরানীগঞ্জের শাখা ব্যাংকগুলো এই টাকা দিতে পারবে না। কিন্তু প্রধান কার্যালয় যৌক্তিক মনে করলে এই টাকা দিতেও পারে। তবে এটা যে দিতেই হবে তা নয়, আবার দিলেও যে অন্যায় হবে, তা-ও নয়।’