টাকা ছাড় ও অধিগ্রহণ জটিলতায় মেয়াদ বাড়ল দুই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত সড়কটি প্রশস্তকরণে চার বছর আগে প্রকল্প গ্রহণ করা হয়। এ বছর এর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতা এবং মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত টাকা ছাড় না করায় প্রকল্পটির মেয়াদ আরও দুই বছর বেড়েছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সূত্রে জানা যায়, ২০১০ সালেই রাস্তাটি প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়। শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প নামে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রকল্পটি অনুমোদন পায়। ওই সময় প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছিল ২০১৫ সালের জুন পর্যন্ত।
সড়কটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। প্রকল্পের আওতায় দুই পাশে চার ফুট করে ফুটপাত ও মাঝে তিন ফুট সড়কদ্বীপসহ রাস্তার প্রশস্ততা ধরা হয়েছে ৬০ ফুট। এই চার কিলোমিটারের মধ্যে স্থাপন করা হবে দুটি মনুমেন্ট। তা ছাড়া রাস্তায় পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থাও রাখা হয়েছে। চার লেনের এ রাস্তার উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ৯০ লাখ টাকা। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতা এবং মন্ত্রণালয় পর্যাপ্ত টাকা ছাড় না করায় প্রকল্পটি সঠিক সময়ে বাস্তবায়ন হয়নি। প্রকল্পটির বর্ধিত মেয়াদ ধরা হয়েছে ২০১৭ সালের জুন মাস। প্রথম দফায় জমি অধিগ্রহণের জন্য প্রায় ৬০ কোটি টাকার দরকার ছিল। কিন্তু ওই সময় মন্ত্রণালয় থেকে মাত্র আড়াই কোটি টাকা ছাড় করা হয়। চলতি বছর মন্ত্রণালয় প্রকল্পটির জন্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে। সব মিলিয়ে এ প্রকল্পের জন্য ৪০ কোটি টাকা পাওয়া গেছে। তবে জমি অধিগ্রহণের জন্য আরও ২০ কোটি টাকা দরকার।
সরেজমিনে দেখা যায়, আঁকাবাঁকা এ রাস্তার পাশেই অবস্থিত খুলনা শিপইয়ার্ড ও একটি ম্যাচ ফ্যাক্টরি। আছে সেনাকল্যাণ সংস্থার একটি সিমেন্ট ফ্যাক্টরি এবং একাধিক চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা। এ ছাড়া সেতুর আশপাশে গড়ে উঠেছে ছোট ছোট অনেক কারখানা। শহরের যানজট ও দূরত্ব এড়িয়ে সেতুতে যেতে এ রাস্তাকেই বেছে নেয় অধিকাংশ যানবাহন। ফলে রাস্তাটিতে ঘিঞ্জিভাব সব সময় লেগেই আছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা ভূমি অধিগ্রহণ কার্যালয়ের দুজন কর্মকর্তা জানান, রাস্তার চারপাশে অনেক মানুষের বসতি। এ কারণে জমি অধিগ্রহণে অনেক জটিলতা তৈরি হয়। অভিযোগও আসে অনেক। সেসব সমস্যা মিটিয়ে এখন জমি অধিগ্রহণের কাজ চলছে। আইনগত কিছু ধাপ আছে, সেগুলো যত তাড়াতাড়ি শেষ করা যাবে ভূমি অধিগ্রহণ-প্রক্রিয়াও তত দ্রুত হবে।
প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছেন প্রকল্প পরিচালক কাজী সাবিরুল আলম। তিনি দাপ্তরিক কাজে খুলনার বাইরে থাকায় প্রকল্পটির ব্যাপারে কথা হয় কেডিএর প্রধান প্রকৌশলী এ টি এম ওয়াহিদ আজহার ও সহকারী প্রকৌশলী আরমান হোসেনের সঙ্গে। তাঁরা বলেন, সেতুতে যেতে এ রাস্তাটিই বেশি ব্যবহার করে খুলনাবাসী। তাই সড়কটি অনেক ছোট হলেও এর ওপর চাপ অনেক বেশি।