টাকা ছাড়া আনন্দ কেনার স্বপ্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর আসতে আর বেশি বািক নেই। সারা দেশে ছড়িয়ে পড়েছে উৎসবের রেশ। সচ্ছল মানুষজন সকাল-সন্ধ্যা ঈদের কেনাকাটা করে কুলিয়ে উঠতে পারছেন না। বিশেষ করে শিশুদের আনন্দ সবচেয়ে বেশি। তবে একই সময়ে রাজধানীর সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ-ভাবনাটা অন্য রকম।
নয় বছরের কাকলী থাকে রায়েরবাজার বস্তিতে। ঢাকায় আসার পর লেখাপড়া ছেড়ে দিয়ে কাগজ টোকায় ও ভাঙারি সংগ্রহ করে। মা অন্যের বাসায় কাজ করেন। বাবা রিকশা চালান। মা-বাবা এখনো তাকে ঈদে নতুন জামা কিনে দিতে পারেননি। ঈদের জামা কিনবে বলে ধানমন্ডি লেকে লোকজনের কাছে ঘুরে ঘুরে টাকা চাইছিল। কাছে গিয়ে ঈদের দিনটা কেমন কাটে জানতে চাইলে সে উৎসাহের সঙ্গে বলে, ‘খুব ভালো, হেদিন অনেক টাকা পাই।’
নয় বছরের মিলন ধানমন্ডি লেকে ফুল বিক্রি করে। ২২ জুলাই কথা হচ্ছিল তার সঙ্গে। সেদিন ফুল পায়নি বলে বিক্রির জন্য আনতে পারেনি। ঈদের কথা জিজ্ঞেস করতেই বলে, ‘ঈদের দিন মায়ের কাছে টাকা চাইলে ১০ টাকা দেয়, তাই দিয়া ঈদের দিন কী করা যায়?’ পাল্টা প্রশ্ন করে মিলন। সে বলে, তার একটা সাইকেল থাকলে সে ঈদের দিন সাইকেলে ঘুরে বেড়াত। বলার সময় সাইকেলের স্বপ্নে তার চোখ চকচক করে ওঠে। তবে সে জানায়, ঈদ তার কাছে আনন্দের। সে বলে, ‘গত ঈদে “কয়েন” খেলে এক লিটারের পেপসি পুরস্কার পাইছি।’ এটুকু খুশির কথা বলতেই আবারও তার চোখে আনন্দ ঝকমকিয়ে ওঠে।
পুতুলের বয়স আট। সে ‘পুষ্পকলি’ নামের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে ওঠা একটি স্কুলে পড়ে। ঈদের দিন প্রসঙ্গে জিজ্ঞেস করতেই সে অকপটে বলে উঠল, ‘গিরবের আবার কিয়ের ঈদ আপা।’ ঈদের প্রস্তুতি পুতুলের কাছে আকাশকুসুম কল্পনার মতো। গত বছর পুতুল পুরোনো জামা পরেই তার মায়ের সঙ্গে ঘুরে বেড়িয়েছে। পুতুলের সঙ্গে কথা বলতে দেখে আগ্রহী আরও কয়েকজন শিশু কাছে এল। তারা ভেবেছে যাদের নাম লিখে নেওয়া হচ্ছে, তারা নতুন জামা পাবে। জিজ্ঞেস করার পর একজন বলল, অনেকে আসে নাম লিখে নিয়ে একটা করে টোকেন দিয়ে যায়, যাদের কাছে টোকেন থাকে তারা নতুন জামা কাপড় পায়। এই মুহূর্তে শুধু তাদের সঙ্গে গল্প করা হচ্ছে, টোকেন দেওয়া হচ্ছে না, জানতে পেরে একসঙ্গে সবার মুখ মলিন হয়ে যায়।
ওদের প্রত্যেকের গল্প প্রায় অভিন্ন। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চারপাশে, শহরের আনাচে-কানাচে, অলিতে-গলিতে ওরা ভিক্ষার হাত বাড়িয়ে দিচ্ছে। মানুষের করুণা ভিক্ষা করে ওদের জীবন চলে, এমনকি ঈদের দিনেও। ঈদের দিন সকালে ওরা জেগে উঠবে সবাই, কিন্তু আনন্দ করতে নয়, জীবন-সংগ্রামে শামিল হতে।