টাকা ছাড়া কাজ হয় না হিসাবরক্ষণ কার্যালয়ে!
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না। জানা গেছে, গত জুনে উপজেলার বদরপুর গ্রামের সরকারি কর্মচারী মৃত এম এ ছিদ্দিকের মেয়ে দেলোয়ারা বেগম বাবার অবসর ভাতার ১৪ হাজার টাকা তুলতে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যান। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী, নিরীক্ষক সামছুল হুদা, মুদ্রাক্ষরিক হারুনুর রশিদ অবসর ভাতার বইতে জন্ম তারিখ ভুল আছে বলে সাত হাজার টাকা দাবি করেন। এ সময় হারুনুর রশিদ দুই হাজার টাকা নিয়ে এক মাস পর যোগাযোগ করার কথা বলেন। ১০ জুলাই আবার দেলোয়ারা তাঁর বৃদ্ধা মাকে নিয়ে ওই কর্মকর্তাদের কাছে গেলে তাঁরা আবার পাঁচ হাজার টাকা দাবি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেলোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও মোতাহার হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।উপজেলার প্রাথমিক শিক্ষকদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩ জন শিক্ষকের টাইম স্কেলের ফাইলটি পাঁচ-ছয় মাস ধরে হিসাবরক্ষণ কার্যালয়ে আটকে রাখা হয়। এ বিষয়ে বারবার ধরনা দেওয়ার পর হিসাবরক্ষণ কার্যালয় থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি আপত্তিপত্র পাঠানো হয়। সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা আপত্তি মিটিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন পাঠালে মোহাম্মদ আলীর উপস্থিতিতেই সামছুল হুদা তা ছুড়ে ফেলে দেন। খবরটি তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষকেরা এর প্রতিবাদ জানান। পরে মোহাম্মদ আলী শিক্ষকদের টাইম স্কেল অনুমোদনের জন্য কোনো টাকা নেবেন না বলে সে সময় শিক্ষকদের আশ্বস্ত করা সত্ত্বেও প্রকল্পের শিক্ষকেরা টাইম স্কেল পাবেন না অজুহাত দাঁড় করিয়ে আবার হয়রানি শুরু করেন। একপর্যায়ে প্রকল্পের ২৫ জন শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা করে ২৫ হাজার টাকা আদায় করে টাইম স্কেলের ছাড় দেওয়া হয়। এ ছাড়া চিত্তবিনোদন ভাতা তুলতে গেলে উপজেলার প্রকল্পভুক্ত ৫৬ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে ঘুষ আদায় করা হয় বলেও শিক্ষকেরা অভিযোগ করেন। হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের কেউ অবৈধ লেনদেন করে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’ তবে নিরীক্ষক সামছুল হুদা এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মজিবুর রহমান বলেন, ‘শিক্ষকেরা প্রায় প্রতিদিনই হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ করছেন। ঘুষ ছাড়া শিক্ষক-কর্মচারীদের কোনো টাকাই তোলা যাচ্ছে না। এ নিয়ে আমরা খুবই বিপদে আছি।’