টাকা ছাড়া মেলে না পাসপোর্ট
মুন্সিগঞ্জে পাসপোর্ট অফিস থেকে টাকা ছাড়া মেলে না পাসপোর্ট। সাধারণ গ্রাহকদের পাসপোর্ট পেতে ধরতে হচ্ছে এক দালালচক্রকে। এ জন্য সাধারণ গ্রাহককে পাসপোর্ট-প্রতি দিতে হচ্ছে অতিরিক্ত এক হাজার টাকা। এই টাকা দালালচক্র ও পাসপোর্ট অফিসের লোকজন মিলে ভাগ করে নিচ্ছে।গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া যায়। তবে দালালচক্রের বিষয়টি পাসপোর্ট কর্তৃপক্ষ স্বীকার করলেও অস্বীকার করে টাকা গ্রহণের বিষয়টি। পাসপোর্ট গ্রাহকেরা অভিযোগ করেন, পাসপোর্টের জন্য ব্যাংকে নির্ধারিত টাকা জমা দেওয়ার পরও পাসপোর্ট অফিসে এসে দালালদের ধরতে হচ্ছে। দালালদের দিতে হচ্ছে এক হাজার টাকা। দালালেরা গিয়ে পাসপোর্টের ফিঙ্গার প্রিন্টের কাজ করে দিচ্ছে। এই টাকা না দিলে ফিঙ্গার প্রিন্টের কাজ করেন না পাসপোর্ট অফিসের লোকজন।পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, ২১ দিনের মধ্যে পাসপোর্ট পেতে তিন হাজার এবং আট দিনের মধ্যে পেতে গ্রাহককে ছয় হাজার টাকা দেওয়ার নিয়ম রয়েছে। এই টাকা আবার ব্যাংকে জমা দিয়ে রসিদ আবেদনের সঙ্গে জমা দিতে হয়। এর বাইরে আর কোনো টাকা জমা দেওয়ার বিধান নেই। প্রতিদিন পাসপোর্ট অফিসে দেড় থেকে দুই শ আবেদন জমা পড়ছে। এর বিপরীতে প্রতিদিন পাসপোর্ট দিতে পারছে ৭০ থেকে ৮০টি। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে পাসপোর্ট অফিসে গেলে গ্রাহক মো. শাহীন বলেন, তিন হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার পরও দালালদের এক হাজার টাকা দিচ্ছেন না বলে তাঁর ফিঙ্গার প্রিন্টের কাজ আটকে আছে। এই টাকা দালাল শ্রেণী ও পাসপোর্ট অফিসের মধ্যে ভাগবাটোয়ারা হয়ে থাকে। টাকা তারা অনেক ক্ষেত্রে সরাসরি না নিয়ে দালালদের মাধ্যমে নিয়ে থাকে। মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালীরচর গ্রামের ওবায়দুল ইসলাম বলেন, দুবাই যাবেন বলে পাসপোর্ট করার জন্য তিন হাজার টাকা ব্যাংকে জমা দিয়েছেন। অথচ দুই সপ্তাহ ধরে ঘুরছেন ফিঙ্গার প্রিন্টের কাজ করার জন্য। এ জন্য এক হাজার টাকা দিয়ে দালাল ধরেও ছিলেন, কিন্তু সেই দালাল টাকা নিয়ে আর ফোন ধরছে না। পালিয়ে গেছে। পরে শুনতে পারলেন, এরা মাদকাসক্ত ছেলেপেলে। শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মদনখালী থেকে পাসপোর্ট করতে আসা জাহিদুল করিম অভিযোগ করেন, আমি সবকিছু ঠিকমতোই জমা দিয়েছি। কিন্তু পাসপোর্ট হাতে পেয়ে দেখি আমার নাম জাহিদুল করিমের স্থলে জাদেদুল করিম লেখা হয়েছে। এখন তারা বলছে, নতুন করে টাকা জমা দিয়ে আবার পাসপোর্ট করতে হবে।মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক মো. খোরশেদ আলম জানান, দালালদের বিষয়টি সম্পর্কে আমি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানিয়েছি। ফিঙ্গার প্রিন্টের জন্য টাকা নেওয়ার সঙ্গে পাসপোর্ট অফিসের লোকজন জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, যারা বলছে তারা ঠিক বলছে না। তবে পাসপোর্ট অফিসে আরও একটি সেন্টার খোলা দরকার বলে তিনি জানান।