টাকা ছাড়া মেলে না সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কারিগরি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। টাকা না দিলে সংযোগের জন্য করা আবেদন নানা অজুহাতে ফাইলবন্দী করে রাখা হচ্ছে।
শতাধিক গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, পবিস-১ থেকে ২০০৪-২০১১ সাল পর্যন্ত বিদ্যুৎ-সংযোগ দেওয়া বন্ধ ছিল। এরপর যখন আবার চালু করা হয়, তখন সেখানে কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দালালদের যোগসাজশে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। চক্রটি প্রতিটি আবাসিক, বাণিজ্যিক ও সেচসংযোগের জন্য ২৫ থেকে ৩০ হাজার, শিল্পসংযোগে ২ থেকে ৩ লাখ এবং গ্রাম বিদ্যুতায়নে ৩ থেকে ৪ লাখ টাকা নিয়ে থাকে। টাকা না দিলে গ্রাহকদের আবেদন সহজে ছাড় পায় না। সবচেয়ে বেশি ভোগায় কারিগরি বিভাগ। সমিতির অন্তর্ভুক্ত উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার প্রায় ৭২টি গ্রামে বিদ্যুৎ লাইন নির্মাণসহ সব কার্যক্রম সম্পন্ন করার পর প্রায় দুই বছর পার হলেও সংযোগ দেওয়া হচ্ছে না। কারিগরি বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুলফিকর রহমান দালালদের মাধ্যমে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।
তাড়াশ উপজেলা সদরের রুহুল আমিন বলেন, ‘২০১৩ সালে বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করেও টাকা দিতে না পারায় সংযোগ পাইনি। অথচ একই এলাকা থেকে এক বছর পরে এক ব্যক্তি আবেদন করে সংযোগ পেয়ে গেছেন।’
উল্লাপাড়া উপজেলার চক-পাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলাম বলেন, এক বছর আগে বিদ্যুতের লাইন নির্মাণসহ সব কাজ শেষ হলেও সংযোগ দেওয়া হচ্ছে না। অথচ মিটারসহ প্রয়োজনীয় সব টাকা জমা দেওয়া হয়েছে। ২৭৪ জন গ্রাহক বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
তাড়াশের বারুহাস ইউপির চেয়ারম্যান মোক্তার হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা আবদুল আজিজের এক আত্মীয় ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁর মাধ্যমে তদবির করে গ্রামে বিদ্যুৎ আনছেন আবদুল আজিজ। সংযোগপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা করে নিয়ে তিনি ১৫টি গ্রামে বিদ্যুতের সুবিধা দিয়েছেন। কারিগরি বিভাগের ডিজিএম জুলফিকর রহমানের সঙ্গে আঁতাত করে এ সংযোগ দেওয়া হয়।
তবে আবদুল আজিজ বলেন, ‘আমি গ্রামবাসীর কথা ভেবেই নিজের যোগাযোগ কাজে লাগিয়েছি। এ জন্য কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। কর্মকর্তারা অন্য কারও মাধ্যমে টাকা নিতে পারেন।’
পবিসের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, পবিসে কারিগরি অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমে গেছে। এ বিভাগে ডিজিএম জুলফিকর রহমান একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি জিএমকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবেই সমিতির কর্মকাণ্ড চলছে। জুলফিকর রহমানই দালালদের নিয়ন্ত্রণ করছেন।
কিন্তু জুলফিকর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সঠিকভাবে আবেদন করা হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে দেখে ব্যবস্থা নেওয়া হয়। অবশ্য প্রয়োজনীয় মালামাল না থাকায় সব গ্রামে বিদ্যুৎ চালু করা হচ্ছে না। মালামাল পাওয়া গেলে দ্রুত বিদ্যুৎ দেওয়া হবে।
সংযোগ নেওয়ার ক্ষেত্রে টাকাপয়সা নেওয়ার প্রশ্নই ওঠে না।
জিএম হাসান আহমেদ মজুমদার বলেন, নানা ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে বেশ কিছু লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এখানে নতুন যোগদান করায় গুছিয়ে নিতে সময় লাগছে বলে জানান হাসান আহমেদ।