টাকা ছাড়াই ঘর সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে নির্মাণাধীন সুরমা সেতুর জন্য জমি অধিগ্রহণের টাকা না দিয়েই দরিদ্র এক ব্যক্তিকে তাঁর ঘর অপসারণের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এক সপ্তাহের মধ্যে ঘর সরানোর নির্দেশ দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ওই ব্যক্তি।
সওজ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে।
সুধীর চন্দ্র দাস জানান, সেতুর সংযোগ সড়কের স্থানে বর্তমানে তাঁর এক দশমিক ২১ শতক জমি আছে। এই জমিতেই তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। সেতুর জন্য অন্য যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাঁরা সবাই টাকা পেয়েছেন। কিন্তু তাঁকে কোনো টাকা দেওয়া হয়নি। ২৩ অক্টোবর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে তাঁকে নোটিশ দিয়ে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে ঘর না সরালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুধীর চন্দ্র দাস বলেন, ‘আমি পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। আমি টাকা না পেলে জমি ছাড়ব না।’ সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী বিশ্বরঞ্জন ধর বলেন, জমি অগ্রিহণের দায়িত্বে ছিল জেলা প্রশাসন। তারাই জমির মালিকদের টাকা দিয়েছে।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাজিব আহমদ বলেন, ‘অনেক আগেই জমি অধিগ্রহণ করা হয়েছে। তার পরও কারও কোনো সমস্যা থাকলে খোঁজ নিয়ে দেখব।’