টাকা ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় র্যাব পরিচয়ে স্থানীয় এক ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপককে তুলে নিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার সাভারের নবীনগর থেকে র্যার-১-এর সদস্যদের সহযোগিতায় শেরপুর থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন গাড়িটির চালক যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের আলাল হোসেন এবং মুিন্সগঞ্জের টুঙ্গিবাড়ী থানাধীন পানঘাটা গ্রামের মো. পারভেজ।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ওঁত পেতে ওই গাড়িসহ দুজনকে নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা দুজনসহ শেরপুরের ওই ছিনতাইয়ের ঘটনায় ছয়জন জড়িত৷
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তারের রাইস মিলের ব্যবস্থাপক ছিলেন রফিকুল ইসলাম। গত সোমবার বিকেলে স্থানীয় একটি ব্যাংক থেকে তিনি তিন লাখ টাকা তুলে একটি অটোরিকশায় করে কর্মস্থলে ফিরছিলেন৷ শেরুয়া বাজারের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাসে করে আসা ছিনতাইকারীরা তাঁকে তুলে নেয়৷ হাত-পা-চোখ বেঁধে মারধর করে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা৷ আধা ঘন্টা পর চলন্ত গাড়ি থেকে তাঁকে ফেলে দেওয়া হয়৷