উত্তরায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গত শুক্রবার ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক রেজাউল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার তাঁদের হাজির করা হয়। তাঁরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গত শুক্রবার রাজধানী ও রাজধানীর বাইরে থেকে রেজাউল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ১৯ লাখ টাকা, তিনটি আগ্নেয়াস্ত্র ও ছিনতাইকাজে ব্যবহূত মোটরসাইকেল।ডিবি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ও খুলনা এলাকা থেকে কয়েকজনকে ভাড়া করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়। গত শুক্রবার রাজধানীর কল্যাণপুর থেকে রেজাউল ইসলাম ও তাঁর গাড়িচালক আনিছুর রহমান এবং যশোরের বেনাপোল থেকে শেখ শাহাবুদ্দিন, মিন্টু ও শওকত আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী মিন্টুর বাসা থেকে ছিনতাইয়ে ব্যবহূত ১৪টি গুলিভর্তি তিনটি পিস্তল, শাহাবুদ্দিনের বাসা থেকে ১৯ লাখ টাকা ও শওকতের বাসা থেকে ছিনতাইয়ে ব্যবহূত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই চক্র ২০১০ সালে বেনাপোলে সাড়ে পাঁচ লাখ টাকা, ২০১১ সালে যশোরের সেন্ট্রাল রোড থেকে ছয় লাখ টাকা ও চলতি বছরের জানুয়ারি মাসে খুলনায় কুরিয়ার সার্ভিসের ১০ লাখ টাকা ছিনতাই করে।১৬ জুন রাত নয়টার দিকে কুরিয়ার সার্ভিসের উত্তরা শাখার কার্যালয়ের সামনে থেকে শাখাপ্রধান তোফায়েল আহমেদকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।