টাকা জমা দিতে না পেরে মোটর মালিক ও চালকেরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে মোটরযান চালাতে গেলে চালকের সঙ্গে থাকতে হয় মোটরযানের নিবন্ধন ও ফিটনেস সনদ, চালকের লাইসেন্সসহ নানা কাগজপত্র। এসব কাগজপত্র ছাড়া সড়কে মোটরযান চালানো অপরাধ। কিন্তু ব্র্যাক ব্যাংক ফি জমা না নেওয়ায় মোটরযানের কাগজপত্রের জন্য আবেদন করেও বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের চালক-মালিকেরা। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা ওই ফি জমা নিচ্ছে না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, মোটরযানের নিবন্ধন ও ফিটনেস সনদ, মালিকানা বদল, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজের জন্য মোটরযানের মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএ কার্যালয়ে আবেদন করতে হয়। আবেদন যাচাইয়ের পর আবেদনকারীদের বিআরটিএ-নির্ধারিত ব্যাংকে ফি জমা দিতে হয়।ঠাকুরগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বিআরটিএর ফি জমা নেওয়া হতো। গত ৩০ সেপ্টেম্বর ব্র্যাক ব্যাংক ফি জমা নেওয়া বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েছেন মোটরযানের মালিক ও চালকেরা। মোটরযান রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ নানা রকম ফির টাকা জমা দিতে না পারায় অনেকেই রাস্তায় গাড়ি বের করতে পারছেন না। জরুরি প্রয়োজনে বের করলেও নিবন্ধন না থাকায় তাঁদের যান জব্দ করছে ট্রাফিক পুলিশ।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, তাঁরা বিভিন্ন কাগজের জন্য বিআরটিএতে আবেদনকারীদের কাছ থেকে ফি জমা নিতেন। ৩০ সেপ্টেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফিয়ের টাকা জমা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

হরিপুরের দামুন গ্রামের বাসিন্দা আবদুল জব্বার ব্যবসা পরিচালনার জন্য ১ নভেম্বর একটি মোটরসাইকেল কেনেন। নিবন্ধনবিহীন মোটরসাইকেল-বিরোধী অভিযানে গত বুধবার তাঁর মোটরসাইকেলটি জব্দ করা হয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা জব্বারকে নিবন্ধনের ফি জমার কাগজ দেখিয়ে মোটরসাইকেলটি ফেরত নিতে পরামর্শ দেয়। তিনি গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরে এসে দেখেন ব্যাংক কর্তৃপক্ষ টাকা জমা নিচ্ছে না। তিনি বলেন, ‘আমি ব্যবসা করি। ব্যবসার কাজে বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে হয়। রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে না পারলে মোটরসাইকেল ফেরত পাওয়া যাবে না। এতে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে।’ রানীশ​ংকৈলের বলিদ্বারা গ্রামের আবদুল জলিল বলেন, কয়েক দিন হলো মোটরসাইকেল কিনেছেন। রেজিস্ট্রেশন না থাকায় পুলিশ সেটি জব্দ করেছে। ব্যাংক কর্তৃপক্ষ টাকা জমা না নেওয়ায় রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারছেন না।

এ বিষয়ে বিআরটিএ ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আলম বলেন, ‘বিআরটিএর সঙ্গে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) নামের একটি প্রতিষ্ঠানের চুক্তি ছিল। সিএনএসের পক্ষে ব্র্যাক ব্যাংক এখানে ফি জমা নিত। কিন্তু মেয়াদ শেষ হওয়ায় এখন তা বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছি। উচ্চপর্যায়ে যোগাযোগ করে শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে। জরুরি প্রয়োজনে অন্য জেলায় গিয়ে বিআরটিএর নির্ধারিত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।’