টাকা জমা দিতে যত ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দিতে গিয়ে মোটরযান মালিকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। আটটি বেসরকারি ব্যাংকের স্থানীয় শাখায় এ টাকা জমা নেওয়ার কথা থাকলেও নিচ্ছে মাত্র একটি ব্যাংক।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ওয়ান ব্যাংক, এসআইবিএল, মিউচুয়াল ট্রাস্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্থানীয় শাখার সঙ্গে যানবাহনের নিবন্ধন (রেজিস্ট্রেশন), চালনার অনুমতিপত্রের (ড্রাইভিং লাইসেন্স) ফিসহ সব ধরনের ফি জমা নেওয়ার চুক্তি হয়েছে। কিন্তু শুধু ওয়ান ব্যাংক এসব ফি জমা নিচ্ছে। কিছুদিন আগে ব্র্যাক ব্যাংক টাকা জমা নিলেও সম্প্রতি তারা সুবিধাটি বন্ধ করে দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলের মালিকেরা। প্রতিদিন জেলার ছয় উপজেলার কয়েক শ মানুষ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ফি জমা দিতে আসেন জেলা শহরে। তাঁরা শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কে ওয়ান ব্যাংক শাখায় ভিড় করেন। কিন্তু সেখানে প্রতিদিন ২৫-৩০ জন ফির টাকা জমা দিতে পারেন। বাকিরা টাকা জমা দিতে না পেরে ফিরে যান। অনেকে দুই সপ্তাহ ঘুরেও টাকা জমা দিতে ব্যর্থ হয়েছেন।

দৌলতপুর উপজেলা থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে আসা শরীফুল ইসলাম বলেন, প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে এসে তিনি তৃতীয় দিনে টাকা জমা দিতে পেরেছেন। একই উপজেলার হরিণগাছী গ্রামের আবদুস সাত্তার বলেন, ‘পাঁচ দিন ধরে ব্যাংকে ঘুরেও টাকা জমা দিতে পারিনি।’

মিরপুর উপজেলার আটিগ্রামের আবদুল জলিল বলেন, মাত্র কয়েক দিন হলো মোটরসাইকেল কিনেছেন কিন্তু রেজিস্ট্রেশন না থাকায় পুলিশ সেটি আটকে রেখেছে। সাত দিন ধরে ব্যাংকে ধরনা দিয়েও রেজিস্ট্রেশনের ফি জমা দিতে পারেননি।

এদিকে ব্যাংকে সময়মতো ফির টাকা জমা দিতে না পেরে শত শত মোটরসাইকেল মালিক জেলা প্রশাসকের দপ্তরসহ স্থানীয় বিআরটিএ কার্যালয়ে ভিড় করছেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন গত মঙ্গলবার সংশ্লিষ্ট আটটি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক করেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ফির টাকা জমা নিতে অনুরোধ করা হয়েছে। চুক্তি থাকলে তাঁরা কেন টাকা জমা নেবেন না? এটা তো হতে পারে না। তাঁদের জন্য জনগণ ভোগান্তি পোহাতে পারে না।’

বৈঠকে উপস্থিত কর্মকর্তা সূত্রে জানা যায়, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ জেলা প্রশাসককে বলেন, তাঁদের ব্যাংকে টাকা জমা নেওয়ার চুক্তিটি বাতিল করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

দ্য সিটি ব্যাংকের কুষ্টিয়া শহর শাখার ব্যবস্থাপক মাসুম বিল্লাহ বলেন, বিআরটিএর টাকা জমা নিতে হয় সেটা জানা নেই। কেন্দ্রীয় শাখা থেকেও এ ব্যাপারে কোনো নিদের্শনা দেওয়া হয়নি। এ জন্য টাকা নেওয়া হচ্ছে না।

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক বাসারুল ইসলাম বলেন, ব্যাংকে জায়গাস্বল্পতার কারণে টাকা নিতে হিমশিম খেতে হয়। এ জন্য গ্রাহকদের ভোগান্তি হচ্ছে।

এ ছাড়া আরও দুটি ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে ফি জমা না নেওয়ার বিষয়ে তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি।

বিআরটিএ কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আশরাকুর রহমান বলেন, প্রতিদিন অর্ধশতাধিক গ্রাহক টাকা জমা দিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ সমস্যা দ্রুত সমাধানের জন্য বিআরটিএর ঢাকা কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।