টাকা জমার কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ-সংযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে জামানতের টাকা জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ সংযোগ পেয়েছেন ৪ শ গ্রাহক। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি আজ শনিবার উপজেলার বাগুলাট ইউনিয়নের আটটি গ্রামে এসব বিদ্যুৎ সংযোগ দেয়। কোনো রকম ভোগান্তি ছাড়া গ্রামের সাধারণ মানুষকে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার এ উদ্যোগ নেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ আবদুর রউফ।
এ উদ্যোগ বাস্তবায়নে আজ উপজেলার বাঁশগ্রাম ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও বাঁশগ্রাম কামিল মাদ্রাসায় একাধিক বুথ খোলা হয়। সকাল থেকে মানুষ সেখানে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী ৬২০ টাকা করে জামানত জমা দেন। টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুতের লোকজন গ্রাহকের বাড়িতে গিয়ে বিদ্যুৎ-সংযোগ দিতে শুরু করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কুমারখালী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসের প্রথম দিন থেকে ১৫ তারিখ পর্যন্ত সংযোগ দেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়। আটটি গ্রামের দুই হাজার আবেদনপত্র জমা পড়ে। সাংসদের উদ্যোগে বিদ্যুৎ বিভাগের লোকজন আজ সকাল থেকে স্থানীয় বাঁশগ্রাম ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও বাঁশগ্রাম কামিল মাদ্রাসায় একাধিক বুথে নতুন গ্রাহকদের কাছ থেকে সরাসরি জামানতের টাকা জমা নেন। এ সময় সেখানে সাংসদ আবদুর রউফ ও কুমারখালী আঞ্চলিক বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল হালিম উপস্থিত থেকে এ কাজের তদারকি করেন।
ডিজিএম আব্দুল হালিম জানান, আজ এক হাজার গ্রাহক জামানতের টাকা জমা দিয়েছেন। এরই মধ্যে ৪০০ গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। দিনের আলো থাকা পর্যন্ত কাজ চলবে। পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ছয়টি দলে বিভক্ত হয়ে মিটার লাগানো ও সংযোগ দেওয়ার কাজ করছে। এখনো যাঁরা টাকা জমা দেননি তাঁদের আগামীকাল রোববার পল্লী বিদ্যুৎ সমিতির কুমারখালী আঞ্চলিক কার্যালয়ে গিয়ে টাকা জমা দিতে হবে। তিন দিনের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে আশা করেন তিনি।
আদাবাড়ীয়া গ্রামের খাইরুল ইসলাম ও মোতাহার হোসেন জানান, অনেক দেন দরবার করেও এত দিন বিদ্যুৎ পাননি। সাংসদের উদ্যোগে তাঁরা ১২ আগস্ট আবেদন করেছিলেন। আজ (শনিবার) বাড়ির কাছেই স্কুলে গিয়ে টাকা জমা দিয়েছেন। আধা ঘণ্টার মধ্যে বাড়িতে আলো জ্বলে ওঠে।
নতুন গ্রাহক মুন্সী ফিরোজুর রহমান বলেন, ‘প্রায় ২৫ কিলোমিটার দূরের বিদ্যুৎ অফিসে ঘুরেছি মাসের পর মাস। ঘুষের টাকাও দিতে পারিনি, লাইনও পাইনি। তবে আজ ৬২০ টাকার জামানত জমা দিয়ে বিদ্যুৎ পেয়ে গেলাম।’
সাংসদ আবদুর রউফ বলেন, জাতীয় শোক দিবসের বিশেষ কর্মসূচি হিসাবে তিনি এ উদ্যোগ হাতে নিয়েছেন। ২০১৬ সালের মধ্যে তাঁর নির্বাচনী এলাকা কুমারখালী ও খোকসা উপজেলার প্রতিটি পরিবারকে বিদ্যুৎ-সংযোগের আওতায় নিয়ে আসার আশ্বাস দেন তিনি
এর আগে গত ৫ জুলাই খুলনা থেকে আসা ১৪ ট্রাক গম নিম্নমানের দাবি করে তা কুষ্টিয়ার কুমারখালী সরকারি খাদ্য গুদামে ঢোকাতে বাধা দিয়েছিলেন সরকার দলীয় স্থানীয় এই সাংসদ।
আরও পড়ুন