টাকা তুলতে বাংলাদেশে আসেন তিন চীনা নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএম বুথের ক্যামেরায় ধারণ করা তিন চীনা নাগরিকের ছবি সংগ্রহ করেছে পুলিশ
এটিএম বুথের ক্যামেরায় ধারণ করা তিন চীনা নাগরিকের ছবি সংগ্রহ করেছে পুলিশ

সৌদি আরবের ব্যাংক অব রিয়াদের গ্রাহকের তথ্য চুরি করে তৈরি জাল (ক্লোন) কার্ড দিয়ে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে চীনা নাগরিক জু জিয়ানহুই (৩৮) টাকা তুলেছেন বলে জানিয়েছে র্যা ব। র্যা ব বলেছে, এই জালিয়াত চক্রে আরও দুই চীনা নাগরিক রয়েছেন। এ তিনজন জাল এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে ১৫ মে ঢাকায় এসেছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে র্যা ব-২-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
র্যা ব-২ এবং ব্যাংক সূত্র বলেছে, গত বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জাল কার্ড দিয়ে ৬৬ হাজার টাকা তোলার পর জিয়ানহুইকে আটক করে র্যা ব। বুধবার সকাল ৬টা ১৭ মিনিট থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত ২৩ মিনিটে ওই বুথসহ প্রাইম ব্যাংকের ফার্মগেট ও পান্থপথের বুথ থেকে টাকা তোলা হয়েছে। ফার্মগেট ও পান্থপথের বুথ থেকে তোলা হয়েছে পাঁচ লক্ষাধিক টাকা।
ওই ঘটনায় আটক চীনা নাগরিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই চীনা নাগরিকের বিরুদ্ধে গতকাল সকালে নিউমার্কেট থানায় মামলা হয়েছে। র্যা ব-২-এর এক কর্মকর্তা এ মামলা করেন। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চীনা নাগরিক জিয়ানহুইকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
র্যা বের সংবাদ সম্মেলনে জিয়ানহুইকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলা হয়, জিয়ানহুইসহ তিন চীনা নাগরিক এক মাসের ভ্রমণ ভিসায় ১৫ মে মালয়েশিয়ান এয়ারলাইনসে ঢাকায় আসেন। তাঁদের ভ্রমণ-সংক্রান্ত কাগজের তথ্য অনুযায়ী তাঁদের বিজয়নগরের একটি আবাসিক হোটেলে ওঠার কথা ছিল। কিন্তু তাঁরা ওঠেন উত্তরার ৭ নম্বর সেক্টরে এক চীনা নাগরিকের বাসায়। জিয়ানহুইয়ের পাসপোর্টের তথ্য অনুযায়ী বাংলাদেশে আসার আগে তিনি মিসর ও সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরবে ভ্রমণের সময় ব্যাংক অব রিয়াদের এক বা একাধিক গ্রাহকের এটিএম কার্ডের তথ্য চুরি করতে সক্ষম হন তাঁরা। সেই চুরি করা তথ্য দিয়ে তাঁরা ক্লোন কার্ড তৈরি করেন। এরপর তাঁরা বাংলাদেশে এসে সেই কার্ড দিয়ে টাকা তোলেন। তাঁদের পরিকল্পনা ছিল, বুধবার সকালে টাকা তুলেই তাঁরা বাংলাদেশ ছাড়বেন। সেই অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা চীনে ফেরার উড়োজাহাজের টিকিটও করেছিলেন। জিয়ানহুইয়ের দুই সহযোগী টাকা তুলে পূর্বপরিকল্পনা অনুযায়ী সকাল সাড়ে ১০টায় ঢাকা ছাড়েন। তবে বুথে আটক হওয়ায় পালাতে পারেননি জিয়ানহুই।
এই চক্রের সঙ্গে দেশীয় কোনো ব্যক্তি বা ব্যাংক কর্মকর্তার যোগসাজশ রয়েছে কি না, জানতে চাইলে সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ বলেন, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ক্লোন কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়াই চক্রটির কাজ।
র্যা ব-২-এর উপপরিচালক মেজর আতাউর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ও পলাতক তিন চীনা নাগরিকের বিরুদ্ধে নিউমার্কেট থানায় তথ্যপ্রযুক্তি আইনে এবং চুরি ও জালিয়াতির অভিযোগে মামলা করেছে র্যা ব।