টাকা দিতে না পারায় নিহতের স্ত্রীকে গ্রেপ্তার!
‘তদন্তকারী কর্মকর্তাকে চাহিদামতো টাকা দিতে না পারায় আমার ছেলের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করে বউমাকে (নিহতের স্ত্রী) ফাঁসানো হচ্ছে। তাঁকে গ্রেপ্তার করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়েছে। তদন্ত কর্মকর্তা আসাদুল ইসলাম এখনো এক দালালের মাধ্যমে আমার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে।’ গত বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নিহত ইসমাইল হোসেনের বৃদ্ধ বাবা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মো. আবদুল মাহমুদ (৬৫) লিখিত বক্তব্যে এসব কথা বলেন।সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত ইসমাইলের মা আমেনা খাতুন (৫৬), বড় বোন তাসলিমা খাতুন (৩৫) এবং মেয়ে টুম্পা খাতুন (১৮), চম্পা খাতুন (১২), ছেলে রাসেল (৭), বাতেন (৫) ও শালক সাইদুজ্জামান (৩০)।সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় আবদুল মাহমুদের ছেলে ইসমাইল হোসেন বাড়ি থেকে ছাগল খোঁজার জন্য বের হয়ে আর বাড়ি ফেরেননি। ১৫ ডিসেম্বর সকালে একজন খবর দেয়, ইসমাইলের লাশ পাশের খোনা গ্রামের আবুল খালেকের সরষেখেতে পড়ে আছে। বিষয়টি সাতক্ষীরা থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ১৫ ডিসেম্বর আবদুল মাহমুদ বাদী হয়ে থানায় একই উপজেলার ভাড়ুখালী গ্রামের আবদুল খালেক সরদার, তাঁর ভাই মালেক সরদার এবং মো. আবদুল্লাহ সরদার ও তার ভাই ওবায়দুল্লাহ সরদারের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।মামলা করার পর তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় সদর থানার উপপরিদর্শক আসাদুল ইসলামকে। তিনি তদন্তের নামে একই গ্রামের পুলিশের দালাল হিসেবে পরিচিত আবদুর রহমানের মাধ্যমে টাকা দাবি করতে থাকেন। এভাবে ২০০-৫০০ করে তাঁর কাছ থেকে চার হাজার টাকা আদায় করা হয়। একপর্যায়ে মামলার আসামি আবদুল মালেক সরদারকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দিতে আবদুুর রহমান তদন্ত কর্মকর্তার নাম করে তাঁর কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এ মামলা পাল্টা তাঁদের ওপর চাপিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন তদন্ত কর্মকর্তা। ২০ ফেব্রুয়ারি রাতে নিহত ব্যক্তির স্ত্রী আঞ্জুয়ারা খাতুনকে বাড়ি থেকে উপপরিদর্শক আসাদুল ইসলাম ও আবদুর রহমান ধরে নিয়ে আসেন।তদন্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, তাঁর কাছে হত্যার সঙ্গে নিহত ব্যক্তির স্ত্রী জড়িত—এ ধরনের অনেক প্রমাণ রয়েছে। মোবাইল ফোনের কললিস্ট, তথ্য ও প্রমাণের ভিত্তিতে নিহতের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন ও এছাককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আর্থিক সুবিধা ও ঘুষ দাবি করার কথা অস্বীকার করেন।