টাকা দিয়েও হজে যেতে পারছেন না ৯,২৫৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত কোটার কারণে টাকা জমা দিয়েও এবার ৯ হাজার ২৫৪ জন ব্যক্তি পবিত্র হজ পালনে যেতে পারবেন না। এর বাইরেও হজে যেতে ইচ্ছুক আরও প্রায় ২০ হাজার ব্যক্তি হজে যেতে পারবেন না। তাঁরা বেসরকারি হজ এজেন্সিগুলোর কাছে আবেদন করেছিলেন কিংবা বলে রেখেছিলেন।
ধর্ম মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মতিউর রহমান নিয়ত করেও যে প্রায় ৩০ হাজার ব্যক্তি হজে যেতে পারছেন না, তাঁদের ধৈর্য ধরার অনুরোধ করেন। আগামী বছরের হজে এঁদের অগ্রাধিকার দিতে এজেন্সির মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১ লাখ ১১ হাজার ১২ জন পবিত্র হজে যেতে ব্যাংকে টাকা জমা দিয়েছেন। বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। এর ফলে টাকা জমা দিলেও অতিরিক্ত ৯ হাজার ২৫৪ জন হজে যেতে পারবেন না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারই প্রথম কোটার চেয়ে আবেদন বেশি জমা পড়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ছাড়বে আগামী ১৬ আগস্ট। হজ ফ্লাইট চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান, যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম প্রমুখ।