সিরিয়ালে সবার আগে থাকলেই আগে পার হওয়া যায় না। স্পেশাল টাকা দিলেই স্পেশালভাবে আগে পার হওয়া যায়। জামাই-আদর করে সব গাড়িকে পেছনে ফেলে সবার আগে নিয়ে আসেন তাঁরা। টাকা না দিলে রাতের পর রাত অপেক্ষা করতে হয়।রোববার রাতে কথাগুলো বলছিলেন খুলনা থেকে নিয়ে আসা পাটবোঝাই ট্রাকের চালক মোহাম্মদ আজিম খান। শুধু আজিম খান নয়, এমন অভিযোগ নুরুল ইসলাম, শাহজাহান, নুর আলমসহ অনেক ট্রাকচালকের।আজিম খান আরও বলেন, ৮ ডিসেম্বর দুপুরে তিনি কাওরাকান্দি ঘাটে এসে পৌঁছান। কিন্তু এখনো সিরিয়াল পাননি। হেলপারকে নিয়ে প্রতিদিন তিন বেলা হোটেলে খেতে পকেটের টাকাও ফুরিয়ে আসছে। অথচ তার ট্রাকের অনেক পেছন থেকে অনেক ট্রাকের চালকের কাছ থেকে টাকা নিয়ে আগেই ফেরি পার করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করলেই ঘাটের লোকজন চড়াও হয়।কাওরাকান্দি ও মাওয়া ঘাট সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে পরপর দুই দিনে প্রায় ২১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় দুই শতাধিক ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। আর এ সুযোগেই ‘স্পেশাল’ পারাপারের ব্যবস্থা করেছে কাওড়াকান্দি ফেরিঘাট কর্তৃপক্ষ। এ ব্যবস্থা এখনই নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ফেরিস্বল্পতা, নাব্যতা সংকটসহ যেকোনো সমস্যায় দীর্ঘ যানজট হলেই পারাপারের এই অবৈধ ব্যবসা করে ঘাট কর্তৃপক্ষ। এ ছাড়া মাওয়া পাড়ে রয়েছে মোড়ে মোড়ে বকশিশের ঘাঁটি। সেখানে ৫০-১০০ টাকা না দিলে ফেরি পর্যন্ত আসাই কষ্ট। প্রতিবাদ করলেই নাজেহাল হতে হয়।গত রোববার রাত নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কাওরাকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে পরপর দুই দিনে প্রায় ২১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ট্রাকের দীর্ঘ সারি। আসনে বসে ঘুমাচ্ছেন চালকেরা, পাশেই হেলপার। দেখা যায়, সারির পেছন থেকে ট্রাক আগে ফেরিতে ওঠানো হচ্ছে। এর মধ্যে বরিশাল থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক অনেক পেছন থেকে এনে আগে পারের ব্যবস্থা করা হয়। এর চালক সোলেমান বলেন, ‘ঘাটে স্পেশাল দিয়েই আগে পার হচ্ছি।’ স্পেশাল কী জানতে চাইলে তিনি বলেন, ‘বুঝেন না, টাকা, ১০০ টাকা।’ টাকাটা কাকে দিলেন, জিজ্ঞেস করলে বলেন, ‘বাঁশকলের পুলিশকে (দায়িত্বরত বিআইডব্লিউটির আনসার)। একইভাবে ‘স্পেশাল’ দিয়ে মালবাহী ট্রাক নিয়ে পার হলেন নুর আলম, গাফফারসহ অনেক ট্রাকচালক।এ বিষয়ে দায়িত্বরত বিআইডব্লিউটিএর আনসার সাইফুল বলেন, ‘আমাদের ইচ্ছেমতো সিরিয়াল হয় না। ঘাট থেকে বসেরা বললে আমরা আগে পার করার জন্য সিরিয়াল দিই। এর জন্য আমরা কোনো স্পেশাল নিই না। তবে অনেক সময় গাড়ির চালকেরা ১০-২০ টাকা বখশিশ দেন।’বিআইডব্লিউটিসি কাওরাকান্দি ঘাটের ব্যবস্থাপক ইমরান খান টাকা নিয়ে আগে পরিবহন পার করার অভিযোগ অস্বীকার করে বলেন, অনেক সময় ফেরি অনুপাতে সিরিয়াল ভেঙে ছোট বড় ট্রাক বেছে ফেরিতে ওঠাতে হয়। তবে অনেক কর্মচারী এটা করে বলে তিনি শুনেছেন, তাদের নিষেধও করে দিয়েছেন।বিআইডব্লিউটিসির মাওয়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) আশিকুর রহমান বলেন, টাকা নিয়ে পার করা হয় না। মাওয়া পাড়ে চাঁদাবাজির কথা অস্বীকার করে তিনি বলেন, এটা বিআইডব্লিউটিসির কেউ করে না। অন্য কেউ করতে পারে।