নারী ও শিশু নির্যাতন মামলায় কারাবন্দী স্বামী আজগরের সঙ্গে দেখা করতে যান স্ত্রী রূপা। ৩০০ টাকা কারারক্ষী আবদুর রহিমকে দিয়ে দোতলার সাক্ষাৎকক্ষে চলে যান তিনি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাক্ষাৎকক্ষের সামনে গত বুধবার দুপুরের চিত্র এটি।
রূপা প্রথম আলোকে বলেন, এর আগে আরও চারবার এভাবে টাকা দিয়েই স্বামীর সঙ্গে দেখা করেন তিনি। ১২০ টাকা দিলে সাক্ষাৎকক্ষের নিচতলায় সাক্ষাৎ করা যায়। এখানে সব সময় লোকজনের হট্টগোল থাকে। কারও কথা কেউ শোনে না। ৩০০ টাকা দিলে দোতলায় দেখা করা যায়। ওখানে লোকজন তুলানমূলক কম থাকে। আর এক হাজার ৩০০ টাকা দিলে উপকারাধ্যক্ষদের কক্ষের পাশে জানালায় দাঁড়িয়ে সাক্ষাৎ করা যায়।
শুধু রূপা নন, হাজার হাজার বন্দীর সঙ্গে তাঁদের স্বজনদের টাকা দিয়ে সাক্ষাৎ করতে হচ্ছে। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ বন্দীর সঙ্গে সাক্ষাৎ করেন স্বজনেরা। অভিযোগ রয়েছে, টাকা দিয়ে সাক্ষাতের নিয়ম নেই। অথচ এভাবে টাকা আদায় করে ভাগ করে নিচ্ছেন কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। টাকা ছাড়া যে সাক্ষাৎ মেলে না, ১০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে সে অভিযোগ করেছেন বেসরকারি কারা পরিদর্শকেরাও।
জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, টাকা নিয়ে সাক্ষাৎ করানোর বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে।
কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ছগির মিয়া বলেন, ‘কিছু কারারক্ষী বন্দীদের কাছ থেকে টাকা নিয়ে সাক্ষাৎ করিয়ে দিচ্ছে, এমন অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে কারারক্ষীদের সতর্ক করা হচ্ছে। আমি নিচে গিয়ে সতর্ক করে এলেও কারারক্ষীরা পরে টাকা নেন বলে জেনেছি।’
বুধবার দুপুরে সাক্ষাৎকক্ষে ঢুকতেই দেখা গেছে, কারারক্ষী আবদুর রহিম বন্দীদের স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে ভেতরে নিয়ে যাচ্ছেন। টেবিল নিয়ে বসে আছেন কারারক্ষী আলী আব্বাস। তিনিও টাকা নিচ্ছেন দর্শনার্থীদের কাছ থেকে। সাক্ষাৎকক্ষের নিচতলায় বাকলিয়া থেকে আসা যুবক এনামুল হক কথা বলছেন তাঁর বন্ধুর সঙ্গে। জানতে চাইলে এনাম বলেন, ‘১২০ টাকা দিয়ে সাক্ষাৎ করতে এসেছি।’ তাঁর মতো শত শত লোককে টাকা দিয়ে কথা বলতে দেখা গেছে।
দোতলায় দেখা যায় একই চিত্র। সীতাকুণ্ড থেকে আরাফাত নামের এক যুবক এসেছেন বন্ধু লিটনের সঙ্গে সাক্ষাৎ করতে। আরাফাতও ৩০০ টাকা দিয়ে সাক্ষাতের কথা জানালেন।
কারা সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধের কারণে আদালতে বন্দীর জামিনের সংখ্যা কমে গেছে। ফলে কারাবন্দীর সংখ্যা বেড়েছে। কারাগারে গড়ে চার হাজার ২০০ বন্দী থাকলেও গত বৃহস্পতিবার পর্যন্ত ছিল চার হাজার ৮৫০ জন। কারাগারে বন্দীর সংখ্যা বৃদ্ধির ফলে দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে।