হাজার টাকা দিলেই মিথ্যা পুলিশ কেইস রিপোর্ট মেলে, যে রিপোর্ট দিয়ে করা মামলায় পুলিশি হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চলছে এই পুলিশ কেইস রিপোর্ট-বাণিজ্য।হয়রানির শিকার অনেকে জানান, জমিসংক্রান্ত, পারিবারিক বা সামাজিক বিরোধে এলাকার মামলাবাজ কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিতভাবে মিথ্যা পুলিশ কেইস রিপোর্ট নিয়ে থানা বা আদালতে মিথ্যা মামলা করে, যার সুযোগ নিচ্ছে পুলিশ। পুলিশ এসব মামলায় হয়রানি করে প্রতিপক্ষ ব্যক্তিদের। স্থানীয় একাধিক সূত্র জানায়, মারামারি বা সংঘর্ষে আহত ব্যক্তিরা আগে মেডিকেল সনদ নিয়ে থানা বা আদালতে মামলা করত। শত শত টাকা দিয়ে মেডিকেল সনদ নিতে হতো। ২০০৮ সালে সেনাসদস্যদের হস্তক্ষেপে মেডিকেল সনদের পরিবর্তে বিনা অর্থে পুলিশ কেইস রিপোর্ট দেওয়া শুরু হয়। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ রিপোর্টের জন্য আবার শুরু হয় টাকা আদায়।এলাকাবাসী জানান, ৫ নভেম্বর রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে কুলসুমা বেগম তাঁর ভাইয়ের বিরুদ্ধে মারধরের মিথ্যা অভিযোগ এনে থানায় মামলা করেন। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি টাকার বিনিময়ে শরীরে জখমের পুলিশ কেইস রিপোর্ট নেন। কিন্তু তাঁর শরীরে কোনো রকম জখম ছিল না। তাঁকে মারধরের কোনো ঘটনাও ঘটেনি।এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলসুমা বেগম বলেন, ‘টাকা দিলে বাঘের চোখ মেলে। আর পুলিশ কেইস রিপোর্ট মিলবে না?’অথচ ৯ নভেম্বর সরফভাটা ইউনিয়নের মীরের খীল গ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত হলেও টাকা দিতে না পারায় পুলিশ কেইস রিপোর্ট দেয়নি বলে জানান কুলসুমার বড় ভাই রফিকুল ইসলাম।রাঙ্গুনিয়া থানার একজন উপপরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশ কেইস রিপোর্ট মামলার জন্য সহায়ক, যা ছাড়া মামলার গুরুত্ব কমে যায়। আর মামলা হলেই তো পুলিশের হাতে কাজ থাকে। না হলে বেকার সময় কাটাতে হয়। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, চাহিদামতো রিপোর্ট না দিলে চিকিৎসকদের ওপর চাপ দেয় রোগীরা। এমনকি লাঞ্ছিত হতে হয় চিকিৎসকদের। ফলে যে রকমই হোক, রিপোর্ট দিতে হচ্ছে। এতে চিকিৎসকেরা হয়তো কিছু লাভবান হচ্ছেন।