টাকা দিয়ে আবেদন, তবু হয় না তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগ তদন্ত করতে নিয়ম মেনে করা হয়েছে আবেদন। এ জন্য নির্ধারিত ফি জমা দেন আবেদনকারীরা। শিক্ষা বোর্ড তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠিও দিয়েছে। কিন্তু বছর গেলেও তদন্ত আর হয় না। যশোরের অভয়নগর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আহসান হাবীব প্রথম আলোকে বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পেলে সেই আলোকে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু ওই ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন আজও পাওয়া যায়নি। বোর্ডের সর্বশেষ সভায়ও বিষয়টি উঠেছে। এ ব্যাপারে ওই কর্মকর্তাকে তাগাদা দেওয়া হবে। এত দিন কেন তদন্ত হলো না, সেটাও খতিয়ে দেখবে বোর্ড।
তথ্য গোপন করে অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হন প্রশান্ত কুমার হোড়। আর বিদ্যালয়ের তহবিলে টাকা জমা না দিয়েও দাতা সদস্য হন আবু বক্কার সরদার। এক শিক্ষার্থীর অভিভাবক শেখ নূর আলম বিষয়টি তদন্ত করতে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেন। ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে ১ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেয় বোর্ড।
শেখ নূর আলম বলেন, ‘বোর্ড থেকে জানানো হলো, দুই হাজার টাকা ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সেভাবে আবেদন করলাম। সেটা এক বছরেরও আগের কথা। সেই কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি গঠিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অভিযোগের কোনো তদন্ত হয়নি। বিষয়টি দুঃখজনক।’
উপজেলার পোতপাড়া গ্রামের শিক্ষার্থী আলতাফ হোসেন মোল্যা আবেদন করেন তারও আগে। তিনি পিপিবি (পোতপাড়া, পাইকপাড়া, ভূগিলহাট) মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি শওকত হোসেন মল্লিকের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করতে ২০১৫ সালের ৭ জুন বোর্ডে আবেদন করেন। অনলাইনে আবেদন ও নির্ধারিত দুই হাজার টাকা ফি জমা দেওয়ার চার মাস পর ৬ অক্টোবর বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের একটি চিঠি পান তিনি। এতে তদন্তে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। চিঠিতে জেলা শিক্ষা কর্মকর্তা অভিযোগ তদন্ত করে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন বলে জানানো হয়। চিঠিটি পাওয়ার পর তদন্তের ব্যাপারে আশাবাদী হন আলতাফ। পরের ঘটনাগুলো কেবলই হতাশার।
আলতাফ হোসেন মোল্যা বলেন, শওকত হোসেন আগেও দুবার সভাপতি ছিলেন। তখন বিদ্যালয়ের জন্য বরাদ্দ সরকারি চাল ও টাকা তিনি আত্মসাৎ করেন। তাঁকে সভাপতি পদে মনোনয়ন না দিতে বোর্ডে আবেদন করেছিলেন তিনি। কিন্তু কোনো তদন্তই হয়নি। এর মধ্যে শওকতকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয় বোর্ড। রাগে-ক্ষোভে তিনি অভিযোগটি প্রত্যাহারের জন্য ৫ নভেম্বর আবেদন করেন। এরপর কী হয়েছে, জানেন না।
অপর ঘটনাটি উপজেলার ডিআইএনজিএস মাধ্যমিক বিদ্যালয়ের। এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করতে ২০১৫ সালের ১৫ অক্টোবর শিক্ষা বোর্ডে আবেদন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের তৎকালীন অভিভাবক সদস্য হাফিজুর রহমান। এ ঘটনায়ও ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত করতে জেলা শিক্ষা কর্মকর্তাকে ৩ ডিসেম্বর চিঠি দিয়েছিল শিক্ষা বোর্ড।
হাফিজুর রহমান বলেন, ‘এরই মধ্যে বিদ্যালয়ের নতুন কমিটি গঠিত হয়েছে। অভিযোগও বহাল আছে। কিন্তু তদন্ত হয়নি। একটি ভালো কাজের জন্য অনেক টাকা ফি দিয়ে অভিযোগ করেছিলাম। কিন্তু যাঁদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা, তাঁরা নিলেন না। বিষয়টি ভাবলে কষ্ট লাগে।’
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম টুকু বলেন, ‘আমি এখানে বদলি হয়ে এসেছি প্রায় নয় মাস আগে। তদন্তগুলো এর অগের। তদন্ত এত দিন ঝুলে থাকার কথা নয়। তদন্ত না হয়ে থাকলে কী কারণে হয়নি, সেটা খোঁজ নিয়ে দেখব।’