টাকা দিয়ে কারাগারে থাকা যাবে!
কারাগারে থাকতে কেমন লাগে—সাধারণ মানুষকে সেই অনুভূতিটি দেওয়ার পরিকল্পনা করছে কারা কর্তৃপক্ষ। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে অর্থের বিনিময়ে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে থাকতে পারবে সাধারণ মানুষ।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন গতকাল শুক্রবার পুরোনো কেন্দ্রীয় কারাগারে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
জেলহত্যা দিবস উপলক্ষে ‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রদর্শনী উপলক্ষে ২ নভেম্বর কারাগার সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ৫ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীরা এই কারাগার ঘুরে দেখার সুযোগ পাবেন। কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারটির ২২৮ বছরের ইতিহাসে এই প্রথম এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘কারাগারের ভেতর থাকতে কেমন লাগে, সে ধরনের একটি ধারণা দেওয়ার জন্য ভারতসহ পৃথিবীর অনেক দেশে প্রকল্প রয়েছে। আমাদেরও সে ধরনের পরিকল্পনা রয়েছে। অর্থের বিনিময়ে কারাগারের ভেতর অবস্থান করে দেখা, থাকতে কেমন লাগে।’
গত জুলাই মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত করা হয়েছে। পুরোনো কারাগারকে এখন জাদুঘরে পরিণত করার কথা ভাবছে কারা কর্তৃপক্ষ।
কারা মহাপরিদর্শক বলেন, জাদুঘর স্থাপনের জন্য একটি নকশার উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখান থেকে বিচারকেরা যে ডিজাইন চূড়ান্ত করবেন, সেই নকশাই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কারাগার পরিদর্শনের ব্যক্তিগত ইচ্ছা পোষণ করেছেন। বঙ্গবন্ধু দীর্ঘদিন কারাগারে থাকায় তিনি অনেকবার এখানে এসেছেন। তাঁরও অনেক স্মৃতি আছে, কিছু ইতিহাস জানা আছে। কোন কোন ভবনের ঐতিহাসিক গুরুত্ব আছে, সংরক্ষণ করতে হবে, সে বিষয়ে তাঁর নির্দেশনার জন্য অপেক্ষা করছি। তাঁর পরিদর্শন শেষেই কাজ শুরু হবে।’
সংবাদ সম্মেলনে কূটনীতিক ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘জেলটা আমাদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুসহ অনেক রাজনীতিবিদের স্মৃতিকথা এই জেলের মধ্যে আবদ্ধ আছে। এগুলো উত্তরসূরিদের জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ নভেম্বর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হলেও সেটি সাধারণ মানুষের জন্য পরদিন থেকে উন্মুক্ত করে দেওয়া হবে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ ১৪৫টি আলোকচিত্র থাকবে প্রদর্শনীতে। ১০০ টাকা দিয়ে যে কেউ সেটি দেখার জন্য কারাগারে ঢুকতে পারবেন। একজন দর্শনার্থী সর্বোচ্চ দুই ঘণ্টা সেখানে থাকতে পারবেন।
কারা মহাপরিদর্শক বলেন, টিকিটের মূল্য কারা কর্তৃপক্ষের তহবিলে যাবে না। কাশিমপুর মহিলা কারাগারে দিবা পরিচর্যা কেন্দ্রের শিশুদের খেলাধুলার সরঞ্জাম কেনার জন্য এই টাকা ব্যয় করা হবে।