টাকা দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ ছয় দিনেও চালু হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত স্থানে যেনতেনভাবে তৈরি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে লোকজন পার হচ্ছে। এদিকে পারাপার বাবদ লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ আগস্ট বাঙালি সেতুর সংযোগ সড়ক বাঙালি নদীতে বিলীন হয়ে দুই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।গাইবান্ধা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলা প্রকৌশল বিভাগ দ্রুত মেরামতকাজ শুরু করে। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত যোগাযোগ চালু করা সম্ভব হয়নি। কবে নাগাদ চালু হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ গ্রামের মনজুর হাবীব অভিযোগ করেন, এলজিইডি কর্তৃপক্ষের গাফিলতির কারণে মেরামতে বিলম্ব হচ্ছে। লোক দেখানো বালুর বস্তা ফেললেও কাজ চলছে ঢিমেতালে। পার্শ্ববর্তী কামালেরপাড়া গ্রামের ব্যবসায়ী আবদুল জোব্বার বলেন, ‘আসন্ন ঈদে মালামাল পরিবহন করতে না পারায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’এদিকে, স্থানীয় একটি চক্র সংযোগ সড়কের ক্ষতিগ্রস্ত স্থানে কোনোমতে বাঁশের সাঁকো তৈরি করে চাঁদা আদায় করছে। গোবিন্দগঞ্জের পুঁনতাইড় গ্রামের শিক্ষক রেজাউল করিম বলেন, ‘সাঁকো পারাপারে জনপ্রতি দুই টাকা, বাইসাইকেল পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ সড়ক মেরামত না হওয়া পর্যন্ত এলজিইডি কর্তৃপক্ষ সাঁকোর ব্যবস্থা করতে পারত। এতে চাঁদাবাজির ঘটনা ঘটত না।’নাম প্রকাশে অনিচ্ছুক এক চাঁদা আদায়কারী বলেন, জনগণের সুবিধার্থে দুই হাজার টাকা খরচ করে সাঁকো নির্মাণ করা হয়েছে। গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার প্রকৌশলী যথাক্রমে আহসান কবির ও সাবিউল ইসলাম গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, বিশাল অংশ ভেঙে যাওয়ায় মেরামতকাজ বিলম্ব হচ্ছে। আশা করা যায়, ঈদের আগে দুই উপজেলার সড়ক যোগাযোগ চালু করা সম্ভব হবে।