চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক বন্দীদের সঙ্গে মামলাসহ নানা বিষয়ে কথা বলা ও দেখা করতে দূরদূরান্ত থেকে স্বজনেরা এলেও কারও চেহারা কেউ দেখতে পান না; শুনতে পান না কোনো কথা। কারাগারের সাক্ষাৎ কক্ষে বসানো মোটা লোহার জালিগুলো খুব ঘনভাবে বসানোর কারণে হতাশ হয়ে ফিরে যান বন্দী ও স্বজনেরা।
এদিকে সাক্ষাৎ কক্ষে কথা ও দেখা না হওয়ার সুযোগ কাজে লাগিয়ে কারাগারের অফিস কক্ষে বিশেষ ব্যবস্থায় হাজার টাকায় মিলছে সাক্ষাতের সুযোগ। যেসব বন্দীর স্বজনদের সামর্থ্য আছে তাঁরা সেখানে গিয়ে সাক্ষাৎ করছেন। যাঁদের সামর্থ্য নেই, তাঁরা সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘কারাগারে আটক সবাই অপরাধী নন। অনেক নিরপরাধ ব্যক্তিও রয়েছেন। অপরাধী হলেও তাঁর আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে। কিন্তু কারাগারের সাক্ষাৎ কক্ষে বন্দী ও স্বজনেরা কারও কথা কেউ শুনতে পান না। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন মানুষ।’
আবদুর রশিদ আরও জানান, যাঁদের সামর্থ্য আছে, তাঁরা টাকা দিয়ে বিশেষ ব্যবস্থায় সাক্ষাৎ করছেন। সবার পক্ষে তা সম্ভব হচ্ছে না।
কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কারাগারে আটক আছে চার হাজার ৭০০ বন্দী। দৈনিক প্রায় দেড় শতাধিক বন্দীর স্বজন দেখা করার সুযোগ পান। স্বজনদের সঙ্গে দেখা করতে সাক্ষাৎ কক্ষে এলেও কারও মুখ কেউ দেখেন না। চিৎকার করে কথা বলেন বন্দী ও স্বজনেরা। সাক্ষাৎ কক্ষের মাঝখানে বসানো লোহার জালিগুলো এত ঘনভাবে বসানো হয়েছে যে উভয় প্রান্তে থাকা বন্দী-স্বজন কেউ কারও চেহারা দেখতে পান না।
কারাগারের সাক্ষাৎ কক্ষে নগরের আকবর শাহ থানা এলাকা থেকে আসা শাহনাজ বেগম গত বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ভাঙচুরের মামলায় আমার স্বামী হূদয় ও ভাই নোমান তিন মাস ধরে কারাগারে আছেন। সকাল নয়টায় এসে দুপুর সাড়ে ১২টায় সাক্ষাৎ পাই তাদের। মামলাসংক্রান্ত বিষয়ে কথা বলতে এসেছি। তাদের কোনো কথাই বুঝতে পারিনি। এখন কী করে জামিন নেব।’
একই অভিযোগ করলেন জেলার সাতকানিয়া থেকে আসা সোহেল হায়দার। তাঁর ছেলের সঙ্গে কথা বলতে এসে তিনি কিছুই না বুঝে ফিরে যান।
গত বৃহস্পতিবার ও শুক্রবার দুপুরে দেখা গেছে, কারাগারের অফিস কক্ষের ভেতরে ও জানালার পাশে দাঁড়িয়ে বন্দীদের সঙ্গে কথা বলছেন স্বজনেরা। নগরের বাকলিয়া থেকে আসা নুর উদ্দিন বলেন, ‘সাক্ষাৎ কক্ষে গিয়ে কথা বলে কিছুই বুঝিনি। তাই বাধ্য হয়ে এক হাজার টাকা দিয়ে অফিস কক্ষে সাক্ষাৎ করছি।’
কারা সূত্র জানায়, কারাগারে নবনির্মিত ভবনের নিচতলায় ২০১২ সালের নভেম্বরে বন্দীদের সাক্ষাতের জন্য সাক্ষাৎ কক্ষ চালু করা হয়। ৬০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে কারা সংস্কারের অংশ হিসেবে নতুন ভবনসহ দেখা করার ঘর নির্মিত হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, ‘সাক্ষাৎ কক্ষে ঘন করে জালিগুলো লাগানোর কারণে বন্দী ও স্বজনদের সমস্যা হচ্ছে সাক্ষাতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।’
তবে টাকা নিয়ে অফিস কক্ষে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেন তিনি।