টাকা দিয়ে বিনা মূল্যের বই নিচ্ছে শিশুরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিনা মূল্যের বই বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার কয়েকটি বিদ্যালয় ঘুরে ও শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অধিকাংশ বিদ্যালয়ে বই দেওয়ার আগে শিক্ষার্থীদের কাছ থেকে ১০-৫০ টাকা করে নেওয়া হচ্ছে। অবশ্য শিক্ষকেরা টাকার বিনিময়ে বই দেওয়ার কথা মানতে নারাজ। তাঁদের দাবি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও স্কুলের বিদ্যুত্ খরচ মেটাতে টাকা নেওয়া হচ্ছে। গত শনি ও রোববার সদর উপজেলার ১৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ঘুরে উপরিউক্ত অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। চরবাড়িয়া ইউনিয়নের মতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী লামিয়া জানায়, সে তিনটি বই পেয়েছে। বইগুলো দেওয়ার আগে তার কাছ থেকে ৪০ টাকা নেওয়া হয়েছে। ৩০ টাকা দিয়ে বই পেয়েছে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সাকিব। পুরানপাড়া বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র রাহাত সরদার জানায়, বই পেতে ৪০ টাকা নিয়েছেন শিক্ষক। ৪৫ টাকা দিয়ে বই পেয়েছে পূর্ব বিল্ববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. রিয়াজ, কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রেদোয়ান, সাদিয়া ও খাদিজা। শিক্ষার্থীরা জানায়, তারা তিন-চারটি করে বই পেয়েছে। বিনিময়ে ৪৫ টাকা করে দিয়েছে। কাগাশুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই টাকা নেওয়া হচ্ছে। গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমার অভিভাবক আবদুস সাত্তার জানান, তিনি মেয়েকে ৪০ টাকা দিয়েছেন। তবে বিদ্যালয়টির শিক্ষকেরা বলছেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চাঁদা বাবদ ওই টাকা নেওয়া হয়েছে। চহঠা প্রাথমিক বিদ্যালয়ের একাধিক অভিভাবক প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, বইয়ের জন্য টাকা নিতে না পেরে বিদ্যুত্ খরচের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৩৬ টাকা আদায় করা হচ্ছে। শিক্ষার্থী সৌরভ বলে, ‘কারেন্ট বিল বাবদ ৩৬ টাকা দেওয়ার পর বই পেয়েছি।’ একই কথা জানায় শান্তা ও তানজিলা আফরিন। চহঠা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া আক্তার জানান, বিদ্যুতের জন্য দরখাস্ত করেও অনুমোদন মেলেনি। তাই মাসে শিক্ষার্থীদের কাছ থেকে তিন টাকা করে বছরে ৩৬ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু বই দেওয়ার সময় টাকা নেওয়া হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন টাকা না উঠালে পরবর্তীতে আর পাওয়া যাবে না।’নগরের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানায়, প্রতি সেট বইয়ের জন্য তাদের ১০ টাকা করে দিতে হয়েছে। অধ্যক্ষ আবুল কালাম আজাদ টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস প্রথম আলোকে বলেন, ‘সরকার বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। কোনো অজুহাতে বই দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। আমরা স্পষ্ট বলে দিয়েছি, ক্রীড়া প্রতিযোগিতার চাঁদা নিতে হলে বই বিতরণের পর নিতে হবে।’ বিদ্যুত্ বিল বাবদ টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়ে বিদ্যুত্ চালাতে হলে সে বিদ্যুত্ না চালানোই ভালো। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এতটুকু দায়িত্ব নিতে পারবে না, তাহলে তাদের কাজটা কী?’