টাকা দিয়ে বিনামূল্যের বই নিতে হলো শিক্ষার্থীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গত শনিবার বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার গংগারহাট এমএএস উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা নিয়ে বই বিতরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ফুলবাড়ী অফিসার্স ক্লাবে শনিবার দুপুর ১২টায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কর তাজুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রব্বানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা টি আই এম জাহেদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আপেল মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গংগারহাট এমএএস উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা গত বুধ ও বৃহস্পতিবার শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে বিনামূল্যের বই বিতরণ করেছেন। নিয়মানুযায়ী উপজেলায় বই বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর শিক্ষার্থীদের বই দেওয়ার কথা।গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে গিয়ে কথা হয় সপ্তম ও অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানায়, বেঞ্চ বানানোর নাম করে শিক্ষকেরা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০ টাকা, ভর্তি ফির জন্য ৩০ টাকাসহ মোট ৫০ টাকা করে নিয়েছেন। টাকা ছাড়া কেউ বই পায়নি। অষ্টম শ্রেণীর নাসিমাকে শিক্ষকেরা ৪০ টাকাতেও বই দেননি বলে শিক্ষার্থীরা দাবি করে। পরে অন্যের কাছ থেকে আরও ১০ টাকা ধার করে নাসিমা ৫০ টাকা দেওয়ার পর শিক্ষকেরা তাকে বই দেন। মিনতি (ছদ্মনাম) নামে এক ছাত্রী বলে, ‘যে স্যার বই দেয়, হেই স্যাররে কইছি, স্যার, সরকারি বই, টাকা কিসের? তখন স্যার কয়, টাকা লাগবে, না হলে বই নাই।’ গংগারহাট এমএএস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে ২০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কিন্তু লোকজন খারাপ বলায় আর টাকা নেওয়া হয়নি।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪১টি বিদ্যালয়ের সাত হাজার ২৩৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়া হবে। এর মধ্যে গংগারহাট এমএএস উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪৮৭ জন। গত ২৫ ডিসেম্বর সবকটি বিদ্যালয়ে বই দেওয়া হয়েছে। ইউএনও লস্কর তাজুল ইসলাম বলেন, ‘টাকা নিয়ে বই বিতরণের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হোসেন মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়ন খাতে টাকা নিলে এর রসিদ দিতে হবে এবং সেটা অবশ্যই বই বিতরণের দিন করা যাবে না।’