টাকা দিয়ে শিশুদের পিকেটিংয়ে ব্যবহার
হরতালে খুলনায় পিকেটিংয়ের কাজ চালাচ্ছে ভাসমান শিশু-কিশোরেরা। এদের অনেকের পরিবারের কোনো খোঁজখবর নেই। রাজনৈতিক দলগুলো তাদের বেছে নিচ্ছে পিকেটিংয়ের কাজে। জীবনের ঝুঁকি নিয়ে এসব শিশু যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি টায়ার, পুরোনো কাপড়, পাটের মোটা দড়ি ও বস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধ করছে। কখনো ভাঙছে যানবাহন।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিটির খুলনা জেলার সমন্বয়কারী মোমিনুল ইসলাম বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু হরতালের সময় শিশু-কিশোরদের দিয়ে পিকেটিং করানো অপরাধ। কিছু টাকার বিনিময়ে তারা এসব কাজ করছে। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।নগরের কয়েকটি এলাকার পিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরে টোকাই হিসেবে যেসব শিশু-কিশোর কাজ করছে, তাদের এই পিকেটিংয়ের কাজে লাগানো হচ্ছে। এদের কেউ কেউ মাদক সেবনের সঙ্গেও জড়িত। ফলে অল্প কিছু টাকা-পয়সা দিয়ে রাজনৈতিক দলের নেতারা এদের ব্যবহার করছেন। এ কাজ করতে গিয়ে তারা অনেক সময় নির্যাতনের শিকার হচ্ছে। কেউ কেউ জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিরও শিকার হচ্ছে।খালিশপুর এলাকার পিকেটার করিম (ছদ্মনাম) (১৭) বলে, ‘এই কাজ করায় অনেক সময় মানুষ ধরে মারে, পুলিশে দেয়। তারপর পুলিশও মারে। কিন্তু পেটের তাগিদে এই কাজ করি।’ রূপসা এলাকার পিকেটার মো. আলিম (ছদ্মনাম) (১৬) বলে, ‘হরতাল হলি বড় ভাইরা আইসে টাকা দেয় আর কয়, কাইলকে টায়ার জ্বালাতি হবে। মিছিল করতি হবে।’নাম প্রকাশ না করার শর্তে অপর এক পিকেটার বলে, ‘আগে কাগজ কুড়াতাম। এহন কাথা-শাড়ি কুড়াই। হরতালের দিন কেরোসিন আর পেট্রল দিয়ে রাস্তায় কাপড় ধরিয়ে দেই। কখনো গাড়ি ভাঙ্গি। একদিন হরতালে কাজ করলি খরচা বাদে এক-দেড় শ টাহা থাহে।’ সে আরও জানায়, হরতালের আগের দিন সন্ধ্যার পর হরতাল ডাকা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তাদের একটা জায়গায় জড়ো হতে বলেন। দেখা করার পর ওই নেতা-কর্মীরা তাদের অগ্রিম কিছু টাকা দেন। হরতালের দিন সন্ধ্যায় তাদের বাকি টাকা দেওয়া হয়। সচেতন নাগরিক কমিটির (সনাক) খুলনার সভাপতি জাফর ইমাম বলেন, ‘শিশু-কিশোরদের মাথায় মূল্যবোধের চেতনা না ঢুকিয়ে অপরাধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। তারা গাড়ি ভাঙচুর করে বেশ মজা পাচ্ছে। নিজেদের বীর বলে মনে করছে। এতে সমাজে অপরাধপ্রবণতা বেড়ে যাচ্ছে। এ ব্যাপারে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সচেতন হওয়া প্রয়োজন।’বিএনপির খুলনা মহানগর কমিটির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, শিশু-কিশোরদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর তিনি ঘোরবিরোধী। এটা শিশুশ্রম আইনেরও পরিপন্থী। বিএনপির লোকজন তাদের ব্যবহার করছে, এমন অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার দলের নেতা-কর্মীরা তাদের ব্যবহার করছে কি না, সেটা আমার জানা নেই। তবে আমি দলের নেতা-কর্মীদের শিশু-কিশোরদের পিকেটিংয়ের কাজে ব্যবহার করা থেকে বিরত থাকতে বলব।’