টাকা দিয়েও ইউরিয়া পাচ্ছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকেরা বলছেন, টাকা দিয়েও ইউরিয়া সার মিলছে না। ডিলাররা বলছেন, এক মাস ধরে গুদাম ইউরিয়াশূন্য। বিসিআইসির ডিলাররা বলছেন, গুদামে মজুত পরিস্থিতি নাজুক। আর প্রশাসনের দাবি, উপজেলায় সারের কোনো সংকট নেই।
ইউরিয়া নিয়ে জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকদের ভোগান্তির চিত্র এটি।
টানা হরতাল-অবরোধে সারের সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় এমন সংকট তৈরি হয়েছে। ফলে কৃষকদের চাহিদামতো ইউরিয়া সরবরাহ করা যাচ্ছে না বলে জানিয়েছে কৃষি বিভাগ।
তবে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহামঞ্চদ ইয়াছিন দাবি করেছেন, হরতাল-অবরোধ সত্ত্বেও প্রশাসনের বিশেষ ব্যবস্থায় কালাই উপজেলার ডিলারদের গুদামে পর্যাপ্ত ইউরিয়া পৌঁছানো হয়েছে। কাজেই সেখানে সারের কোনো সংকট থাকার কথা নয়।
কৃষি বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, ডিসেম্বরে ইউরিয়ার বরাদ্দ ছিল এক হাজার ৩৭৫ মেট্রিক টন। এর মধ্যে ৬৮৭ মেট্রিক টন জামালপুরের তারাকান্দির যমুনা ফার্টিলাইজার কারখানা থেকে সরবরাহের কথা ছিল। কিন্তু হরতাল-অবরোধের কারণে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ১৬৬ মেট্রিক টন সার আনা সম্ভব হয়েছে। গতকাল উপজেলার ডিলারদের গুদামে মাত্র ১৪১ মেট্রিক টন ইউরিয়া, ৫৮ মেট্রিক টন টিএসপি, ৩২ মেট্রিক টন এমওপি এবং ৮ মেট্রিক টন ড্যাপ মজুত ছিল। গত মৌসুমের একই সময়ে মজুত ছিল ৫৬৮ মেট্রিক টন ইউরিয়া, ২১৫ মেট্রিক টন টিএসপি, ২৫৮ মেট্রিক টন এমওপি ও ৫৪ মেট্রিক টন ড্যাপ সার।
কৃষকেরা জানিয়েছেন, ভরা মৌসুমেও তাঁরা টাকা দিয়ে ইউরিয়া নিতে পারছেন না। এক বস্তা ইউরিয়া কিনতে দিনভর ডিলারের দোকানে ছোটাছুটি করছেন। কিন্তু এক বস্তা সারও জুটছে না।
কালাই উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, সরকার অনুমোদিত ৫৪ ডিলারের (খুচরা বিক্রেতা) গুদাম দীর্ঘ এক মাস ধরে ইউরিয়াশূন্য। বিসিআইসির (বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা) ডিলাররা ইউরিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।
বিসিআইসির ডিলার আবদুর রহমান বলেন, হরতাল-অবরোধের কারণে তাঁরা সার আনতে পারছেন না। কোনোক্রমে সামান্য কিছু আনতে পারলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। কালাই সদরের আলুচাষি আবদুল কুদ্দুস বলেন, ‘আট বিঘা জমিত আলু লাগাচি। আলুখেত বান্ধা দেওয়ার জন্যি ১০ বস্তা ইউরিয়া লাগবে। কিন্তু সার মিলাবার পারোচি না।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মুহামঞ্চদ আহসান শহীদ জানান, ইউরিয়ার পাচার ঠেকাতে খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণ বন্ধ রেখে কৃষিকার্ড প্রদর্শন সাপেক্ষে শুধু বিসিআইসির ডিলারদের মাধ্যমে সার বিতরণ করা হচ্ছে।