টাকা দিয়েও মিলছে না সুপেয় পানি
আইলা-দুর্গত খুলনার কয়রা উপজেলায় এখন চলছে খাবার পানির তীব্র সংকট। নদী পাড়ি দিয়ে ও সাত-আট কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে অনেককে দিনের অর্ধেক সময় পার করতে হচ্ছে। টাকা দিয়েও অনেক সময় খাবার পানি পাওয়া যাচ্ছে না। এভাবেই ১০ মাস ধরে পানির জন্য যুদ্ধ করছে আইলা-দুর্গত কয়রার লোকজন।২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে খুলনার কয়রা ও দাকোপ উপজেলা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৬০০ কিলোমিটারেরও বেশি বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে যায়। ফলে চারটি উপজেলার বিস্তীর্ণ এলাকা লবণ পানিতে তলিয়ে যায়। লবণ পানি ঢুকে খাবার পানির উৎস কয়েক হাজার পুকুর নষ্ট হয়ে যায়। গত বর্ষা মৌসুমে এসব এলাকার মানুষ খাবার পানির ব্যবস্থা করতে পারলেও বর্তমানে শুষ্ক মৌসুমে খাবার পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, কয়রা উপজেলার প্রায় ৫০টি গ্রামের এক লাখেরও বেশি মানুষ তীব্র খাবার পানির সংকটে রয়েছে। কয়রা সদর ইউনিয়নের ঘোলপাড়া, পাঁচ নম্বর কয়রা, ছয় নম্বর কয়রা, ঝিলাঘাটা বাজারসংলগ্ন তিন নম্বর কয়রা, উত্তর বেদকাশী ইউনিয়নের বতুর বাজার, পাথারখালী, মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী, সুতিরকোনা, মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী, মহেশ্বরীপুর চৌকনী, কালিকাপুর, নয়ানী এলাকার মানুষকে সাত-আট কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়। যাদের পানি আনার লোক নেই, তারা ২০ লিটার পানি ২০ থেকে ৩০ টাকায় কিনে খাচ্ছে। পাঁচ নম্বর কয়রার গৃহবধূ খোদেজা বেগম বলেন, ‘চাইল আটা কিনতি টাহা (টাকা) শেষ, তার উপরে খাবার পানি কিনতি যেইয়ে আমরা শেষ হই যাচ্ছি। এরাম চল্লি আমরা আর বাঁচপো না নে।’ মহেশ্বরীপুর ইউনিয়নের স্কুলশিক্ষক জামিনী রঞ্জন মণ্ডল জানান, দূর-দূরান্ত থেকে মানুষ নৌকায় করে নদী পার হয়ে আমাদী ইউনিয়নের পুকুর থেকে খাবার পানি নিতে আসছে। অনেকে আবার যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারে করে আমাদী ইউনিয়ন থেকে পানি আনছে। তিনি বলেন, খাবার পানি সংগ্রহ করতে কয়রার মানুষকে যে কী পরিমাণ দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে, তা ভাষায় বলা সম্ভব নয়। অনেক সময় টাকা দিয়ে খাবার পানি পাওয়া যাচ্ছে না।কয়রা উপজেলার অধিকাংশ গ্রামে গভীর নলকূপ নেই। গোটা মহেশ্বরীপুর ইউনিয়নের লোকদের ছয়-সাত কিলোমিটার দূরে কয়রা নদী পার হয়ে ভান্ডারপোল, বেচপাড়া ও বামিয়া গ্রাম থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এমনকি মাঝেমধ্যে ট্রলার ভাড়া করে নদীপথে ২০-২৫ কিলোমিটার দূরে মণিপুর ও জোড়শিং থেকে পানি আনতে হয়। এভাবে উত্তর বেদকাশী, দ. বেদকাশী ইউনিয়নের অধিকাংশ মানুষ পানি সংগ্রহ করতে গিয়ে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকায় বিভিন্ন এনজিও ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ খাবার পানি সরবরাহ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বিশুদ্ধ পানির অভাবে এলাকায় পানিবাহিত রোগ দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল্লাহ জানান, প্রতিদিন জোড়শিং বাজারের গভীর নলকূপ থেকে চার হাজার লিটার খাবার পানি উপজেলার আটটি পয়েন্টে সরবরাহ করা হচ্ছে। আইলার পর ৭৪টি অগভীর নলকূপ মহেশ্বরীপুর ও বাগালী ইউনিয়নে বসানো হয়েছে। এর মধ্যে মাত্র ১০টি নলকূপের পানি মোটামুটি খাওয়ার উপযোগী। বাকিগুলোর পানি বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে। এ ছাড়া সিডর ও আইলার পর উপজেলায় ২৪০টি গভীর নলকূপ বরাদ্দ হয়েছিল। এর মধ্যে ৫০টি বসানো হয়েছে। এর অধিকাংশের পানিই খাওয়ার উপযোগী।