টাকা দিয়েও মেলেনি বিদ্যুৎ-সংযোগ
পল্লী বিদ্যুতের চাহিদাপত্রের বিপরীতে প্রায় দুই লাখ টাকা জমা দিয়েও গভীর নলকূপের বিদ্যুৎ-সংযোগ পাচ্ছে না নীলফামারীর সৈয়দপুরের ছইল গ্রামের মানুষ। ফলে সেচের অভাবে ৩০০ বিঘা জমি অনাবাদি থাকছে।
গতকাল শনিবার খাতামধুপুর ইউনিয়নের এ গ্রামে গিয়ে দেখা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) পাম্প হাউসটি এখন জরাজীর্ণ। সেখানে বিদ্যুতের অভাবে সেচ পাম্পটি কাজে আসছে না। এর আশপাশের বিস্তীর্ণ জায়গা। বিএডিসির রংপুর-নীলফামারী সেচ কর্মসূচির স্কিমের ব্যবস্থাপক আবদুস ছালেক (৫৫) বলেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বোরো চাষের সময়। অথচ সেচের সুবিধা না থাকায় কৃষকদের বসে থাকতে হচ্ছে। পাঁচ বছর ধরে প্রায় ৩০০ বিঘা জমিতে বোরো চাষ করা যাচ্ছে না।
আবদুস ছালেক আরও বলেন, গত ২০১০ সালের ১৬ জুন বিএডিসির গভীর নলকূপ স্কিমের জন্য তাঁরা ২ লাখ ১০ হাজার ২৪ টাকা পল্লী বিদ্যুৎকে পরিশোধ করেন। চাহিদাপত্রের বিপরীতে ওই টাকা ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের জন্য রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কে পরিশোধ করা হয়। কিন্তু নানা টালবাহানা করে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছে না পল্লী বিদ্যুৎ। এ নিয়ে বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বৈদ্যুতিক তার ও সরঞ্জাম-সংকটের কথা বলে গত বছরের ৬ জুন আরও ৩০ হাজার ৪১২ টাকা জমা করা হয়। তারপরও কাজ না হওয়ায় তিনি গত ১৩ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছেন।
ছইল গ্রামের এলাকার কৃষক ভবতোষ রায় বলেন, সেচের পানি পাবেন—এই আশায় দীর্ঘদিন অপেক্ষা চলছে। এ এলাকায় শতাধিক কৃষক সেচের অভাবে জমিতে বোরো চাষ করতে পারছেন না। কেন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে না, তাঁরা তা বুঝতে পারছেন না।
বিএডিসির নীলফামারী জোনের সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) হুসাইন মুহাম্মদ খালেকুজ্জামান বলেন, খাতামধুপুর ইউনিয়নের ছইল স্কিলের জন্য বিদ্যুৎ-সংযোগ কী কারণে দেওয়া হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপকের কাছে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির-২-এর মহাব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কোনো অবহেলা নেই সংযোগ না পাওয়ার বিষয়ে। তাঁদের সরঞ্জাম-সংকট রয়েছে।