চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল-ডেমু যেন লোকাল সার্ভিস!
টাকা দেন শিক্ষার্থীরা, ফ্রি চড়েন বহিরাগতরা
চলতি মাসের ৭ তারিখ, সকাল পৌনে ১০টা। একটু পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নগরের উদ্দেশে যাত্রা করবে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলের মাধ্যম ডেমু ট্রেনটি। কিন্তু শিক্ষক-শিক্ষার্থীরা ট্রেনে উঠেই ভ্রু কুঁচকালেন। কেননা ট্রেনের অধিকাংশ আসনই বহিরাগতদের দখলে। শাটল ট্রেনের পরে ডেমুতেও ভাগ বসালেন তাঁরা। শিক্ষক-শিক্ষার্থীর্রা আসন ছেড়ে দিতে বললে তাঁরা উত্তর দেন, ‘আমরা আগে উঠেছি’ কিংবা এই ট্রেন শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বলার পর তাঁদের পাল্টা প্রশ্ন, ‘তা কোথাও লেখা আছে নাকি’?
রমজান ও ঈদের বন্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন না চললেও চলছে একটি ডেমু ট্রেন। এই বন্ধে দিনে ছয়বার নগর থেকে ক্যাম্পাসে, ক্যাম্পাস থেকে নগরে আসা-যাওয়া করছে এটি। ক্যাম্পাস ও নগরে যাওয়া-আসার পথে তিনটি স্টেশনে থামে ডেমু ট্রেনটি। প্রায় প্রতি স্টেশনেই বহিরাগতরা ওঠানামা করছেন।
ডেমু ছাড়াও সারা বছর দুটি শাটল ট্রেনেও নিয়মিত দেখা যায় এমন দৃশ্য। এমনিতেই আসনসংকটের কারণে প্রতিনিয়ত শিক্ষার্থীদের দাঁড়িয়ে কিংবা ছাদে উঠে যাতায়াত করতে হয়। তার ওপর বহিরাগতদের আসন দখল করে রাখায় শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ লক্ষ করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই নিয়ে তাঁরা সরবও হয়েছেন।
বেশ কয়েকজন শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলেন, ‘শাটল ও ডেমু বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। অথচ আমরা এতে বসতে পারি না, বহিরাগতরা দখল করে রাখে। কিছু বলতে গেলে উল্টো তাদের হাতে আমাদের লাঞ্ছিত হতে হয়। মাঝে মাঝে তাদের হাতে আমাদের জিনিসপত্রও হারাতে হয়।’
শাটল ট্রেনে চলাচলের জন্য শিক্ষার্থীদের বছরে প্রায় ছয় শ টাকা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরিশোধ করতে হয়। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দুটি ট্রেন বাবদ প্রতি মাসে ছয় লাখ টাকা দিয়ে আসছে। তবে ডেমু ট্রেনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলাচল করায় রেলওয়েকে কোনো টাকা দিতে হচ্ছে না।
ফ্রি যাতায়াত, সময়ও কম লাগে: শাটল ট্রেন কিংবা ডেমুতে চলাচলের সময় শিক্ষক-শিক্ষার্থীদের কোনো টিকিট কাটতে হয় না। পাশাপাশি শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই ট্রেনের ভাড়া পরিশোধ করায় প্রতিদিন আর ভাড়াও দিতে হয় না। এই সুযোগ নিয়ে বহিরাগতরাও ভাড়া ছাড়াই চলাচল করছেন। তাতে ভোগান্তি বেড়েছে শিক্ষক-শিক্ষার্থীদের। অন্যদিকে ক্যাম্পাস থেকে নগরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। অন্য পরিবহনে এই দূরত্ব পার করতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। অথচ শাটল ও ডেমুতে ৩০-৪০ মিনিটেই কোনো ঝামেলা ছাড়াই নিরাপদে এই পথ পাড়ি দেওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিদিন শাটল ও ডেমুতে করে যাতায়াত করা স্থানীয় জোবরা গ্রামের এক অধিবাসী প্রথম আলোকে বলেন, ‘শাটল ও ডেমুতে চড়তে টিকিট কাটতে হয় না, ভাড়াও দিতে হয় না, পাশাপাশি সময়ের অপচয়ও হয় না। এ জন্যই আমরা যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী শাটল ও ডেমুতে বহিরাগত ওঠা বন্ধ করতে কয়েকজন নিরাপত্তারক্ষীকে কাজে লাগাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘শাটল ও ডেমুতে বহিরাগতদের ওঠার বিষয়টি আমি অবগত। এটি ঠেকাতে আগামীতে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে দেখে শাটল ও ডেমুতে তোলা হবে।’