টাকা নয়, মেয়েকে ফিরে পেতে চান আজিজার
এক বছর চার মাস আগে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামের আজিজার রহমান তাঁর মেয়েকে একই গ্রামের মাসুদ সরকারের ঢাকার গুলশানের বাসায় গৃহপরিচারিকা হিসেবে দিয়েছিলেন। এরপর ঢাকায় গিয়েও মেয়ের সঙ্গে দেখা করতে পারেননি আজিজার রহমান। মেয়েকে ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ফল পাননি তিনি।
গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তাঁর মেয়ে খুশিয়ারা খাতুনের (১১) নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়। সন্ধানপ্রার্থী হিসেবে মাসুদ সরকারের শ্যালক শাহাদাৎ হোসেনের নাম রয়েছে। আজিজার রহমান বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে জানতে পারেন খুশিয়ারা মাসুদ সরকারের বাসায় নেই। এরপর মেয়েকে ফিরে পেতে তিনি খানসামা থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেয়নি। অবশেষে বাধ্য হয়ে ঘটনাটি আদালতকে অবহিত করতে তিনি গত ৩১ অক্টোবর দিনাজপুর সিআরপিসি আদালতে এত্তেলা আবেদন করেন।
আজিজার রহমান বলেন, মাসুদ সরকারের লোক এক লাখ ২০ হাজার টাকা নিয়ে আপস করতে চাপ দিচ্ছেন। তিনি বলেন, ‘টাকা নয়, আমি আমার মেয়েকে চাই।’
গত রোববার মাসুদ সরকারের শ্যালক শাহাদাৎ হোসেন মুঠোফোনে বলেন, ২৮ সেপ্টেম্বর খুশিয়ারা গুলশানের বাসা থেকে হারিয়ে যায়। এরপর মাইকিং ও থানায় জিডি করা হয়েছে। কিন্তু সংবাদটি তাঁর বাবাকে জানানো হয়নি বলে তিনি স্বীকার করেন।