টাকা না দিলে নিরপরাধ হয়ে যায় ‘অপরাধী’
রাজধানী থেকে বাসায় ফেরার পথে গত ২৪ জানুয়ারি রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে আটক করা হয় আলী আকবর (৩২) নামের এক ব্যবসায়ীকে। তাঁর স্বজনদের অভিযোগ, আকবরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় পরদিন তাঁকে একটি মাদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এভাবে টাকা না দিলে অনেক নিরপরাধ লোক হয়ে যান ‘অপরাধী’।পুলিশের একটি সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় আশুলিয়ার গোড়াট এলাকা থেকে সাহাবুদ্দিন (৩০), বুলবুল (২৬), শহীদুল (২২), খলিল (২০) ও বাছেদ (২৩) নামের পাঁচ যুবককে আটকের পর এক লাখ টাকা দাবি করে পুলিশ। টাকার বিনিময়ে খলিল ছাড়া পেলেও টাকা দিতে না পারায় অন্যদের গত সোমবার একটি ডাকাতি মামলায় আদালতে হাজির করা হয়।প্রত্যক্ষদর্শীরা বলেন, ২৪ জানুয়ারি রাত ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাস থেকে নেমে আলী আকবর হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় সাদা পোশাকে কর্তব্যরত আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলম তাঁকে আটক করে থানায় নিয়ে যান। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে আলী আকবরসহ দুজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন এসআই।রবিউল আলম মামলার এজাহারে উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে হানিফ পরিবহনের কাউন্টারের পাশ থেকে আকবর ও আজিজ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তাঁদের শরীর তল্লাশি করে প্রত্যেকের কাছে ১৫টি করে ৩০টি ইয়াবা বড়ি পাওয়ার পর তাঁদের থানায় নেওয়া হয়। এরপর তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।আকবরের ভাই ওসমান গনির অভিযোগ, থানায় গিয়ে এসআই রবিউলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর ভাইকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মাদকের সাজানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁর ভাইকে আদালতে হাজির করা হয়।রবিউল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আলী আকবরের কাছে ইয়াবা বড়ি পাওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে আদালতে পাঠানো হয়।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গোড়াট এলাকা থেকে আটক সাহাবুদ্দিন, বুলবুল, শহীদুল ও বাছেদকে গত বছরের অক্টোবর মাসে আশুলিয়া থানায় হওয়া একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। আর খলিলকে ছেড়ে দেওয়া হয়।বুলবুলের ভাই আসাদুজ্জামান ও সাহাবুদ্দিনের ভাই মাঈনুদ্দিন অভিযোগ করেন, তাঁদের ভাইসহ অন্যরা এলাকার একটি ঘরে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় এসআই হাফিজুর রহমান ও এএসআই শরিফুল ইসলাম তাঁদের ধরে নিয়ে যান। পরে তাঁরা যোগাযোগ করলে এএসআই শরিফুল ছেড়ে দেওয়ার বিনিময়ে তাঁদের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাঁদের ভাইসহ চারজনকে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর টাকা পেয়ে খলিলকে ছেড়ে দেওয়া হয়।এএসআই শরিফুল ইসলাম টাকা দাবির অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে এসআই হাফিজুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। হাফিজুর রহমান বলেন, আশুলিয়ার নরসিংহপুরের পলি প্ল্যান লিমিটেডে ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আসাদুজ্জামান আশুলিয়া থানায় মামলা করেন। গত বছরের অক্টোবর মাসে করা ওই মামলায় কারও নাম উল্লেখ না করা হলেও তথ্যের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় লোকজনের ভাষ্যমতে, আশুলিয়া থানার একাধিক কর্মকর্তা সাদা পোশাকে দায়িত্ব পালন করেন। এসব কর্মকর্তা নিরপরাধ লোকজনকে ধরে নিয়ে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। যাঁরা টাকা দেন, তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর যাঁরা টাকা দিতে ব্যর্থ হন, তাঁদের বিভিন্ন মামলায় আসামি করে আদালতে সোপর্দ করা হয়।আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন বলেন, ‘এ রকম কোনো অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’