টাকা না দিয়ে যাত্রীকে পিটিয়ে হত্যা
লেগুনার ভাড়া তিন টাকা। ভাড়া আদায়কারীকে যাত্রী দেন ১০ টাকা। ভাংতি না থাকায় পাঁচ টাকা ফেরত দেওয়া হয়। বাকি দুই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে গাড়ির চালক ও ভাড়া আদায়কারী মিলে তাঁকে পিটুনি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মারা যান ওই যাত্রী।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায়। ওই যাত্রীর নাম সফিউদ্দিন (৪৫)। তিনি গাজীপুরের সদর উপজেলার লোহাকৈর এলাকার করিম মিয়ার ছেলে। শ্রমিক হিসেবে কাজ করতেন তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইলে। এ ঘটনায় পুলিশ লেগুনার চালক বাবুল মিয়া (৩০) ও তাঁর সহকারী ভাড়া আদায়কারী মো. সোহাগকে (১৯) গ্রেপ্তার করেছে। এ ছাড়া উপজেলার সাকাশ্বর গ্রামে যৌতুক না পেয়ে এক নারীকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সফিউদ্দিন গতকাল সকালে পারিবারিক কাজে কোনাবাড়ী যান। কাজ শেষ করে তেলিরচালা এলাকায় কারখানায় যাওয়ার জন্য তিনি একটি লেগুনায় ওঠেন। কোনাবাড়ী থেকে তেলিরচালা পর্যন্ত ভাড়া তিন টাকা। তিনি ভাড়া আদায়কারী সোহাগকে ১০ টাকার একটি নোট দেন। পাঁচ টাকার নোট ফেরত দিলে সফিউদ্দিন বাকি দুই টাকা দিতে বলেন। এ সময় সোহাগ জানান, তাঁর কাছে দুই টাকা ভাংতি নেই। এ নিয়ে সফিউদ্দিন ও সোহাগের মধ্যে হাতাহাতি ও বাগিবতণ্ডা হয়। এরই মধ্যে লেগুনাটি তেলিরচালা এলাকায় পৌঁছে। সেখানে তাঁদের মধ্যে আবারও বাগিবতণ্ডা হয়।
একপর্যায়ে লেগুনার চালক বাবুল মিয়া নেমে আসেন। তিনি ও সোহাগ মিলে লাঠি দিয়ে সফিউদ্দিনকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে সফিউদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে সফিউদ্দিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে বাবুল মিয়া ও মো. সোহাগকে গ্রেপ্তার এবং লেগুনাটি জব্দ করে পুলিশ। বাবুল ও সোহাগ পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, দুই টাকা ভাংতি না থাকায় তাঁকে দেওয়া সম্ভব হয়নি। এই নিয়ে প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তপন কান্তি সরকার জানান, সফিউদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই বলা যাবে, তিনি কী কারণে মারা গেছেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা বলেন, লেগুনার যাত্রীদের কাছ থেকে একই রকম তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরেই সফিউদ্দিনের মৃত্যু হয়েছে।
স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: নিহতের নাম লিমা আক্তার (২৫)। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে জামাতা আমজাদ হোসেনসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, জেলার সদর উপজেলার ইসলামপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে লিমা আক্তারের সঙ্গে তিন বছর আগে কালিয়াকৈরের সাকাশ্বর গ্রামের আবদুস ছালামের ছেলে আমজাদ হোসেনের বিয়ে হয়। বিয়ের সময় আমজাদকে এক লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। গত শুক্রবার রাতে বাবার বাড়ি থেকে লিমাকে আরও টাকা আনার জন্য চাপ দেন আমজাদ। এতে রাজি না হলে লিমাকে মারধর করা হয়। গতকাল সকালে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে কোনাবাড়ী শরীফ জেনারেল হাসপাতালে রেখে চলে যান।
কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাছিমা বেগম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।