টাকা না দেওয়ায় গৃহবধূকে মারধর
স্বামী কামাল শেখের (৩০) বিদেশে যাওয়ার ৮০ হাজার টাকা না দেওয়ায় স্ত্রী কাজল রেখাকে কুপিয়ে জখম করেছে শ্বশুরবাড়ির লোকজন। শুক্রবার বিকেলে নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। কাজলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।কাজল রেখা অভিযোগ করেন, স্বামী বিদেশে যাওয়ার জন্য বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। ভাইয়ের কাছ থেকে ধার করে ১০ হাজার টাকা এনে দেওয়া হয়। সেই টাকা দিয়ে পাসপোর্টসহ অন্যান্য কাজ করেন তাঁর স্বামী। কিছুদিন পর শ্বশুরবাড়ির লোকেরা আরও ৮০ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। শুক্রবার বিকেলে এ নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্বশুর ইদ্রিস শেখ, শাশুড়ি রেহেনা বেগম ও দেবর মিলন তাঁকে মারধর করেন। লোহার রড দিয়ে পেটান তাঁরা। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কাজলের মা পারুল বেগম (৪০) বলেন, ‘বিয়ের সময় মেয়ের হাত-কান-গলার স্বর্ণালংকারসহ জামাইকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। আমার মেয়ের ননদ রেক্সনার বিবাহের সময়ও ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। জামাইয়ের বিদেশে যাবার ৮০ হাজার টাকার জন্য আমার মেয়েকে ওরা মেরে ফেলতে চেয়েছিল। আমি এর বিচার চাই।’রোববার ওই গ্রামে গিয়ে ইদ্রিস শেখসহ বাড়ির কাউকে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে মুলদাইড় গ্রামের কয়েকজন প্রতিবেশী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা না ঠেকালে মেয়েটাকে দা দিয়ে কুপিয়ে মেরেই ফেলত।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।