টাকা না পেলে দায়িত্ব পালন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের চাহিদা অনুযায়ী টাকা বরাদ্দ দেওয়া না হলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরবর্তী ধাপে দায়িত্ব পালন করা সম্ভব হবে না বলে জানিয়েছে আনসার ও ভিডিপি। অস্ত্রসহ গোলাবারুদ আনা-নেওয়ার জন্য অতিরিক্ত টাকার প্রয়োজন আছে বলে আনসারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনসারের পক্ষ থেকে গত সপ্তাহে এ চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬২০টি ইউপিতে ভোট গ্রহণের কথা রয়েছে। এরপর আরও তিন ধাপে ২ হাজারের মতো ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রের জন্য ২২ সদস্যের আইনশৃঙ্খলা বাহিনীর দলে ১৭ জন করে আনসার-ভিডিপির সদস্য আছেন।
কমিশন সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মতে, আনসারের এই দাবি অযৌক্তিক। আগের নির্বাচনে দায়িত্ব পালনের জন্য অস্ত্রসহ গোলাবারুদ আনা-নেওয়ায় কোনো বাহিনীকে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়নি। এখন নির্বাচনের মাঝপথে হঠাৎ করে এ ধরনের বরাদ্দ চাওয়া কমিশনের জন্য বিব্রতকর।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি কমিশনের নজরে আনা হবে। কমিশন যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আনসারের চিঠিতে বলা হয়েছে, ইউপি নির্বাচনের প্রথম ধাপে ৭২৭টি ইউনিয়নের ৬ হাজার ৯৪৩ কেন্দ্রে ব্যাটালিয়ন আনসার ও আনসার-ভিডিপি সদস্যদের দৈনিক ভাতা, যাতায়াত, শুকনো খাবার, জ্বালানি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ ২৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে ২১ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা। তারা প্রথম ধাপের নির্বাচনে অস্ত্রসহ গোলাবারুদ আনা-নেওয়ার জন্য অতিরিক্ত ৯৩ লাখ ৯০ হাজার টাকা দাবি করেছে।