টাকা না পেয়ে অপপ্রচার চালাচ্ছেন সুলতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুলতান জোয়ার্দ্দার একজন শহীদ মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করতে দাবি করা টাকা না পেয়ে অপপ্রচারে নেমেছেন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন।

গত ২০ মে সুলতান জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের বাসিন্দা মইজুদ্দীন বিশ্বাস স্বাধীনতাবিরোধী ছিলেন। শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় তাঁর নাম ওঠাতে পাঁচলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা জামাল যাচাই-বাছাই কমিটির কাছে মিথ্যা তথ্য দিয়েছেন।

ওই অভিযোগের জবাব দিতে গতকালের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শারীরিক অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে জামাল উদ্দিনের লেখা বক্তব্য পড়ে শোনান ভাতিজা আলমগীর হোসেন। তবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামাল নিজেই।

লিখিত বক্তব্যে বলা হয়, মইজুদ্দীন বিশ্বাস মুক্তিযুদ্ধকালীন আনসার সদস্য এবং তিনি (জামাল) তাঁর প্রশিক্ষক ছিলেন। মইজুদ্দীন একাত্তর সালের ৩০ মার্চ কুষ্টিয়া প্রতিরোধযুদ্ধ এবং পরবর্তী সময়ে বিভিন্ন যুদ্ধে তাঁর অধীনে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৪ নভেম্বর তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন এবং শহীদ হন। দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মইজুদ্দীনের বিধবা স্ত্রী নুরজাহান বেগমকে লিখিত সমবেদনা, দুই হাজার টাকাসহ সনদ দেন। সনদটি গতকালের সংবাদ সম্মেলনে দেখানো হয়।

মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধে তাঁর (মইজুদ্দীনের) কমান্ডার হিসেবে আমি সঠিক তথ্য দিয়ে সাক্ষ্য দিয়েছি। অন্য সহযোদ্ধারাও সাক্ষ্য দিয়েছেন।’ এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভ্রান্ত না হতে তিনি আহ্বান জানান।

লিখিত বক্তব্যে বলা হয়, মইজুদ্দীনের নাম শহীদ মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করতে আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুলতান জোয়ার্দ্দার তাঁর পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেছিলেন। ওই টাকা না পেয়ে তিনি অপপ্রচারে নেমেছেন।

এ ছাড়া লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালনকালে সুলতান জোয়ার্দ্দারের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (সাংগঠনিক) আতিয়ার রহমান ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (প্রচার ও প্রকাশনা) আবুল কাশেম উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে সুলতান জোয়ার্দ্দারের মুঠোফোন নম্বরে একাধিক ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।