টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন
কুড়িগ্রামের উলিপুরে মাহমুদুল হাসান নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নির্যাতন করে গুরুতর আহত করেছেন।মাহমুদুল হাসান সাবেক সাংসদ মতিউর রহমানের ছেলে। নির্যাতনের শিকার শাহিনুর বেগম (৩২) এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।গত বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, শাহিনুর বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। কপালে ২৩টি সেলাই দেওয়া হয়েছে। ব্যথায় ঠিকমতো কথা বলতে পারছেন না। চোখ মেলতেও কষ্ট হচ্ছে তাঁর। এ সময় ঘটনা জানতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর বলেন, ‘আমার ওপর যে নির্যাতন করা হয়েছে, আমি এর বিচার চাই।’শাহিনুর বেগম জানান, তাঁর বাড়ি উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই গ্রামে। তিনি ঢাকার আদাবরে নুরানি মোয়াল্লেমা ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিন মাস আগে মাহমুদুল হাসানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা ঢাকার আদাবরে থাকতেন। বিয়ের পর নানা অজুহাতে মাহমুদুল তাঁর জমানো পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর আরও টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তাঁর ওপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয়।কিছুদিন আগে তিনি জানতে পারেন মাহমুদুল আরেকটি বিয়ে করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি তাঁকে তালাকের হুমকি দেন। বাদানুবাদের একপর্যায়ে মাহমুদুল উলিপুরের সাতদরগাহ এলাকায় তাঁদের গ্রামের বাড়িতে চলে আসেন। খবর পেয়ে তিনি গত মঙ্গলবার সকালে ওই বাড়িতে আসেন। এতে মাহমুদুল ক্ষিপ্ত হয়ে প্রচণ্ড মারপিট করেন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। শাহিনুরের বাবা গোড়াই পিয়ার দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুস সাত্তার বলেন, ‘মেয়েকে নিয়ে হাসপাতালে থাকায় মামলা করতে পারিনি। আমি এ ঘটনার বিচার চাই।’মাহমুদুল হাসান বলেন, ‘প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক কোন্দল দেখা দেয়। তাই এমন ঘটনা ঘটেছে। আমি মীমাংসার চেষ্টা করছি।’ তবে টাকা নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।