টাকা না পেয়ে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলার জন্য টাকা না দেওয়ায় স্ত্রীর শরীর আগুন দিয়ে ঝলসে দিয়েছেন স্বামী। গতকাল বুধবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিকশাচালক আজিজুল হক গতকাল তাঁর স্ত্রী সান্তনা খাতুনের (২৬) কাছে জুয়া খেলতে টাকা চান। সান্তনা টাকা না দিলে আজিজ তাঁকে মারধর করেন। একপর্যায়ে আজিজ ঘর থেকে কেরোসিন এনে সান্তনার শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তে তাঁর পুরো শরীর ঝলসে যায়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রিয়াজুল করিম জানান, আগুনে ঝলসে যাওয়া সান্তনার অবস্থা ভালো নয়। তাঁর চিকিৎসা চলছে। কাউনিয়া থানার ওসি আবদুল লতিফ মিয়া জানান, আজিজুল হক পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।