টাকা নিচ্ছেন মেয়র, ভাগ পায় পুলিশও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল শহরের বলফিল্ড মাঠে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার নামে চলছে রমরমা লটারি। প্রতি রাতে লটারির ড্র হয়। সিটি কেবলের মাধ্যমে সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। লোকজনকে টিকিট কিনতে প্ররোচিত করা হয়। অভিযোগ পাওয়া গেছে, লটারিতে লাভের অংশ মেয়রের পকেটে যাচ্ছে। পুলিশও ভাগ পায়।

পৌরসভা আয়োজিত মাসব্যাপী এই মেলা ৮ জুলাই উদ্বোধন করা হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকালে ব্যাটারিচালিত অন্তত ২০০টি ইজিবাইকে ঘুরে ঘুরে যশোরের শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, কেশবপুর, মনিরামপুর ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার হাটবাজার ও গ্রামে লটারির টিকিট বিক্রি করা হয়। প্রতিটি টিকিটের মূল্য ২০ টাকা। রাত ১০টায় মেলার মঞ্চে ড্র অনুষ্ঠিত হয়। রাত ১২টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠান সিটি কেবলের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। গত রোববার ১০টি মোটরসাইকেলসহ ৬০টি পুরস্কার ছিল।

মেলাসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা মেলা আয়োজন করলেও যশোর শহরের বিল্লাল হোসেনসহ কয়েকজন ওই মেলা মৌখিক ইজারা নিয়েছেন। ইজারার শর্ত অনুযায়ী, পৌরসভার মেয়র আশরাফুল আলমকে লটারির লাভের ৪০ শতাংশ দিতে হয়। তা ছাড়া প্রতি রাতে বেনাপোল বন্দর থানার পুলিশকে মোটা অঙ্কের টাকা দিতে হয়।

পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিলফিকুর আলী প্রথম আলোকে বলেন, লটারির টিকিট-বাণিজ্য বাবদ পৌর মেয়র আশরাফুল আলম আগাম ৩৫ লাখ টাকা নিয়েছেন।

জানতে চাইলে পৌর মেয়র আশরাফুল আলম বলেন, ‘অত টাকা দেওয়া হয়নি। তবে কিছু টাকা আমরা পাব। ওই লটারির টাকা থেকে দুটি জনকল্যাণমূলক সংগঠনে টাকা দেওয়া হবে। এ ছাড়া বলফিল্ড মাঠ সংস্কার করা হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের বড় বড় চ্যারিটির কাজ হয়েছে লটারি-বাণিজ্যের টাকা দিয়ে। এটি কিন্তু জুয়া নয়। যার মন চাইবে সে টিকিট কিনবে। আমি তো একটাও কিনিনি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বলেন, ‘মেলার নামে প্রতি রাতে জুয়ার আসর বসছে। বেনাপোল থানার ওসিকে মেলা বন্ধের জন্য টেলিফোন করেছি। কিন্তু ওসি বলেছেন, তাঁদের কিছুই করার নেই।’

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, পুলিশ মোটা অঙ্কের টাকা নিচ্ছে, তা সত্য নয়। তবে মেলার মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের দৈনিক ২৫০ টাকা করে দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁদের তিনবার খাবার দেওয়া হচ্ছে। মেলা কর্তৃপক্ষ তা দিচ্ছে। এর বাইরে আর কিছু না।

গতকাল সোমবার দুপুরে জানতে চাইলে জেলা প্রশাসক আশরাফ উদ্দীন বলেন, ‘মেলায় লটারি-বাণিজ্য বন্ধ করার জন্য আজ (গতকাল) বিকেলেই মেলা কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হচ্ছে। আগামী পরশু দিন (কাল বুধবার) থেকে মেলা বন্ধ হয়ে যাবে।’