টাকা নিয়ে বই বিতরণের ঘটনা তদন্তে কমিটি গঠন
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট উচ্চবিদ্যালয়ে নতুন বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জেলা শিক্ষা কার্যালয় গত বৃহস্পতিবার ওই কমিটি গঠন করেছে।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, ওই বিদ্যালয়ে বই বিতরণে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিককে তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ১ জানুয়ারি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মাত্র ১০ জন শিক্ষার্থীকে নতুন শিক্ষাবর্ষের বই দেন। সেশন ফির টাকা না দেওয়ায় তিনি বাকি শিক্ষার্থীদের বই দেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে ৮ জানুয়ারি প্রথম আলোতে ‘বই বিতরণের সময় টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।