টাকা নিয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যসহ সাড়ে ১৫ মেট্রিক টনের বেশি ওজনের ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করতে পারবে না। এ জন্য অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণে মহাসড়কের ঢাকার ধামরাইয়ের বাথুলিতে স্থাপন করা হয়েছে ‘এক্সেল লোড কন্ট্রোল স্টেশন’। কিন্তু টাকার বিনিময়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, মহাসড়কের সুরক্ষার জন্য ট্রাকে অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বাথুলির ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি (এক্সেল লোড কন্ট্রোল স্টেশন) চালু করা হয়। কিন্তু ২০১০ সালের মার্চে স্টেশনটি বন্ধ হয়ে যায়। দুই বছর বন্ধ থাকার পর গত জানুয়ারি মাসে আবার চালু করা হয়। এরপর আট মাস পরীক্ষামূলকভাবে চালানোর পর ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্রে পুরোদমে ওজন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে। এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রেগনাম রিসোর্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে।সওজ সূত্র জানায়, নীতিমালা অনুযায়ী পণ্যসহ ট্রাকের ওজন সাড়ে ১৫ মেট্রিক টনের বেশি হলে সেসব ট্রাক নিয়ন্ত্রণকেন্দ্র অতিক্রম করতে পারবে না। কেন্দ্র অতিক্রম করতে হলে অতিরিক্ত পণ্য নামিয়ে রাখতে হবে অথবা ট্রাকটিকে ফিরে যেতে হবে। কিন্তু পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিরা টাকার বিনিময়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ছেড়ে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সূত্রমতে, বাথুলির ওই কেন্দ্র হয়ে প্রতিদিন কমপক্ষে দেড় হাজার পণ্যবাহী ট্রাক চলাচল করে। গত বুধবার সন্ধ্যায় স্টেশনের উভয় পাশে প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাকের সারি দীর্ঘ হতে থাকে। রাত তিনটার মধ্যে স্টেশনের উভয় পাশে ট্রাকের সারি ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরের দিকে সারি ছোট হতে হতে সকাল সাতটার মধ্যে প্রায় ফাঁকা হয়ে যায়। কিন্তু কোনো ট্রাককে ফেরত যেতে কিংবা পণ্য নামিয়ে ওজন কমাতে দেখা যায়নি।ট্রাকচালকদের ভাষ্যমতে, কেন্দ্রের ভেতর দিয়ে যাওয়ার সময় ওজন বেশি হলেই ট্রাকের কাগজপত্র নিয়ে যাওয়া হয়। এরপর ট্রাক ফেরত যেতে বা পণ্য নামানোর জন্য চাপ দেওয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার পর ট্রাকের চালকেরা নিরূপায় হয়ে টাকার প্রস্তাব দেন। টাকা পাওয়ার পর সুযোগ বুঝে ট্রাক ছেড়ে দেওয়া হয়।ট্রাকচালক আবদুর রহিম গাজীপুরের মাওনা থেকে টাইলস নিয়ে ফরিদপুর যাওয়ার পথে এবং জাহাঙ্গীর ফকির ঝুট নিয়ে ঝিনাইদহ যাওয়ার পথে ওই কেন্দ্রে পৌঁছেন বুধবার রাত ১০টার দিকে। কিন্তু সাড়ে ১৫ টনের অতিরিক্ত ওজন হওয়ায় কাগজপত্র নিয়ে তাঁদের ট্রাক আটকে রাখা হয়। শেষ পর্যন্ত তাঁরা আড়াই হাজার টাকা দিয়ে সকাল সাতটার দিকে পাটুরিয়ার উদ্দেশে বাথুলি ছেড়ে যান। আবদুর রহিম ও জাহাঙ্গীর ফকির উভয়েই টাকার বিনিময়ে ছাড়া পাওয়ার কথা নিশ্চিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ধামরাই থানার একজন কর্মকর্তা বলেন, এভাবে টাকার বিনিময়ে অতিরিক্ত পণ্যবাহী সব ট্রাকই ছাড়া পেয়ে যায়। অতিরিক্ত ওজনের অজুহাতে প্রতি রাতে লাখ লাখ টাকা আদায় করছে কেন্দ্র কর্তৃপক্ষ।কেন্দ্রের ব্যবস্থাপক রেগনাম রিসোর্স লিমিটেডের কর্মকর্তা মিজানুর রহমান সব অভিযোগ অস্বীকার করেন। তাঁর পাশে বসা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নানও সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, ‘এ রকম অভিযোগ আমিও পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’যোগাযোগমন্ত্রীর কাছে অভিযোগ: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার ওজন নিয়ন্ত্রণকেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজন অর্থের বিনিময়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক পারাপারে সুযোগ দেওয়ার অভিযোগ করে। অভিযোগ পেয়ে যোগাযোগমন্ত্রী কেন্দ্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ঠিকাদারিপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, প্রথমবারের মতো ক্ষমা করা হলো। দ্বিতীয়বার এমন অভিযোগ পাওয়া গেলে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।