টাকা নিয়ে এজেন্সির কর্মী উধাও বিপাকে ৩৩ হজযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা নিয়ে হজ এজেন্সির এক কর্মী পালিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ৩৩ জন হজযাত্রী। অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের হজযাত্রা। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।এঁদের মধ্যে তিন হজযাত্রী আবুল কাশেম ইলিয়াস চৌধুরী, আলিম আল আইয়ুব ও খন্দকার জসীমউদ্দিন প্রথম আলোকে জানান, ঢাকার ফকিরাপুলের শতাব্দী সেন্টারে সরকার অনুমোদিত হজ এজেন্সি ‘রাব্বানী ওভারসিজ অ্যান্ড সার্ভিসেসের’ অফিসে তাঁরা পাসপোর্ট এবং জনপ্রতি এক লাখ ৪০ হাজার টাকা করে জমা দেন। এরপর তাঁরা ২৮ সেপ্টেম্বর হজ এজেন্সির অফিসে গিয়ে দেখেন সেটি তালাবদ্ধ। তাঁদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা গ্রহণকারী এজেন্সির কর্মকর্তা হিফজুর রহমান উধাও। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। এই ৩৩ জনের পাসপোর্ট হিফজুর রহমানের কাছে থাকায় তাঁরা এখন অন্য কোনোভাবে হজে যাওয়ার চেষ্টাও করতে পারছেন না। তাঁরা প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, হজ কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন। হজ অফিসের তালিকা অনুযায়ী, হিফজুর রহমানের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। তাঁর অস্থায়ী ঠিকানা লেখা হয়েছে ঢাকার কেরানীগঞ্জ। অনুসন্ধানে জানা যায়, রাব্বানী ওভারসিজের মূল মালিক তোফাজ্জল হোসেন লন্ডনে থাকেন। ২০০৭ সালের পর প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন হাফিজ গোলাম রাব্বানী। তিনি ওই প্রতিষ্ঠানের একজন অংশীদারও। গোলাম রাব্বানী বর্তমানে সৌদি আরবে আছেন। গত সোমবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি জীবনে এত বড় বিপদে পড়িনি। হিফজুর রহমানকে ছয় মাস আগে এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি একজন মাওলানা মানুষ। কখনো ভাবতে পারিনি তিনি এমন প্রতারণা করবেন।’ গোলাম রাব্বানী বলেন, এই ৩৩ হজযাত্রীর বিষয়ে এখন কী করবেন, তা তিনি বুঝে উঠতে পারছেন না। এ ব্যাপারে হজ কর্মকর্তা বজলুল হক বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁদের অভিযোগ পেয়েছি। হজের যে নীতিমালা তাতে সরাসরি সরকার মনোনীত এজেন্টকে টাকা দেওয়ার নিয়ম। কিন্তু তাঁরা মধ্যস্বত্বভোগীকে টাকা দিয়েছেন। ওই প্রতারক টাকা মেরে দিয়েছেন। এখানে সরকারের কী করার আছে?’এই ৩৩ জনের এখন কী হবে—এ প্রশ্নের জবাবে হজ কর্মকর্তা বলেন, সরকার-নির্ধারিত তারিখ ২ জুলাইয়ের মধ্যে এঁদের হজের টাকা জমা পড়েনি। তাঁদের পাসপোর্টও হজ অফিসে জমা দেওয়া হয়নি। তাই তাঁদের ভিসাও হয়নি। তাই এ মুহূর্তে কিছু করণীয় নেই।