টাকা নিয়ে কাজ না করার অভিযোগ শাকিবের অস্বীকার
টাকা নিয়ে কাজ না করার অভিযোগ অস্বীকার করেন চিত্রনায়ক শাকিব খান। তিনি বলেন, প্রযোজক শীশ মোহাম্মদ, আবদুল আজিজসহ বেশ কয়েকজন বহিরাগত অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এফডিসির জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এভাবেই আত্মপক্ষ সমর্থন করেন তিনি।সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘এই ঘটনায় আমি বিধ্বস্ত। আমার মর্যাদা ক্ষুণ্ন করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে।’ তিনি বলেন, ওই প্রযোজকের টাকা নেওয়ার পর তিনি ছবির পরিচালক শাহীন-সুমনের সঙ্গে আলোচনা করেই শিডিউল চূড়ান্ত করেন। আগামী নভেম্বর পর্যন্ত তাঁদের সময় দেওয়া আছে। কিন্তু ছবির শুটিং শুরু হওয়ার আগেই তাঁরা প্রতারণার মিথ্যা মামলা করে তাঁকে হয়রানি করার চেষ্টা করছেন।সংবাদ সম্মেলনে কিছুটা আবেগাপ্লুত শাকিব খান বলেন, ‘এক যুগ ধরে এই শিল্পে কাজ করছি, এই সময়ে কোনো প্রযোজকের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।’যে ছবির শিডিউল নিয়ে এই জটিলতা, সেই ছবির পরিচালক শাহীন খান শাকিবের বক্তব্য সমর্থন করে বলেন, ছবির কাজই এখনো শুরু হয়নি। তার পরও এমন ঘটনা কারও কাম্য ছিল না।সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান, শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, সাঈদুর রহমান সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।