চিকিৎসকদের জন্য নির্ধারিত প্রায় সব কটি কক্ষই ফাঁকা। একমাত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বসে আছেন নিজ কক্ষে একা। তাঁর সামনে কিংবা আশপাশেও কোনো রোগী নেই।আবার একই ছাদের নিচে ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. রেজাউল হককে ঘিরে রোগীদের উপচে পড়া ভিড়। বেশির ভাগই ডায়েরিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু। ভর্তির পর ব্যবস্থাপত্রের বিনিময়ে রোগীদের কাছ থেকে নগদ টাকা নিতে দেখা যায়। চিত্রটি গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর চরজব্বার (সুবর্ণচর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। কেরিংচর থেকে ডায়েরিয়ায় আক্রান্ত নাতি শেখ ফরিদকে (১) নিয়ে আসা হজল হক ৫০ টাকার একটি নোট তুলে দেন রেজাউলের হাতে। তিনি ১০০ টাকা ‘ফি’ রেখে ৪০০ টাকা ফেরত দেন হজলকে। খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালটিতে রেজাউলই সব। তিনিই বেশির ভাগ রোগী দেখেন, আর তার জন্য ৫০ থেকে ১০০ টাকা কিংবা রোগী ভেদে আরও বেশি টাকা ‘ফি’ হিসেবে নেন।কিছুক্ষণ পরই জানতে চাইলে ফি নেওয়ার কথা অস্বীকার করেন ফার্মাসিস্ট রেজাউল হক। দাবি করেন, তিনি কারও কাছ থেকে ফি নেন না। রোগীরা যে অভিযোগ করেছে তা মিথ্যা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হোসেন চৌধুরী প্রথম আলোকে জানান, হাসপাতালে বসে তো টাকা নেওয়ার কথা নয়, কেউ নিচ্ছেন বলেও তাঁর জানা নেই।খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে ২১ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মাত্র ছয়জন চিকিৎসক। যাঁদের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা ছাড়া বাকি পাঁচজনকেই গতকাল কর্মস্থলে পাওয়া যায়নি। গাইনি কনসালটেন্ট শিরিন সুলতানা, শিশু রোগের চিকিৎসক মনিরুজ্জামান, চিকিৎসক মাহমুদুন নবী, সাইফুল ইসলাম ও ইমরুল হাসান ছুটিতে বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হোসেন চৌধুরী। হাসপাতালে শিশু রোগীর চাপ, এর পরও শিশু চিকিৎসকসহ পাঁচ চিকিৎসককে ছুটি দেওয়া হলো কেন? প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি। সিভিল সার্জন আবদুর রশিদ মোল্লা প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে সব চিকিৎসক ছুটিতে যাওয়ার কোনো সুযোগ নেই। তা ছাড়া সরকারি হাসপাতালে টাকা কেন নেবে? এগুলো দেখার ও নিয়ন্ত্রণের দায়িত্ব তো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। আমি তাঁর সঙ্গে এক্ষুনি কথা বলব।’