টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সংগ্রামকেলি বাজার থেকে শুক্রবার রাতে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করে পুলিশ। সারা রাত তাঁরা একসঙ্গেই হাজতে থাকেন। পরদিন শনিবার তাঁদের সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সাজা পাওয়া কয়েকজন বলেন, বাকি চারজনকে আদালতে হাজির করা হয়নি। তাঁদের টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে, ওই চারজন তাঁদের তথ্যদাতা (সোর্স) ছিলেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তামীম আল ইয়ামীন গতকাল সাতজনকে ২৮ দিন করে কারাদণ্ড দেন। তাঁরা হলেন মো. সাইদুর, মো. হাদী মিয়া, নিজাম উদ্দিন, হেলাল, নজুম উদ্দিন, আবুল হাসেম ও জয়নাল আবেদিন।
হাজতে থাকার সময় সাইদুর বলেন, শুক্রবার রাত ১০টার দিকে সংগ্রামকেলি বাজারের হুমায়ুনের চায়ের দোকানে বসে তাঁরা জুয়া খেলছিলেন। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল তাঁদের ১১ জনকে ধরে থানায় নিয়ে আসে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, মাথাপিছু ১০ হাজার টাকা করে নিয়ে আটক মো. হোস মিয়া, শাহাব উদ্দিন, হাফেজ আলী ও রহুলকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।
শাহাব উদ্দিনের এক স্বজন বলেন, তাঁরা ১০ হাজার টাকা দিয়ে শাহাব উদ্দিনকে ছাড়িয়ে নিয়েছেন।