টাকা নিয়ে দুই প্রতিষ্ঠানের পরিচালক উধাও
কিশোরগঞ্জের ভৈরব থেকে সোনার বাংলা ও ধানসিঁড়ি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের প্রায় সাড়ে ছয় কোটি টাকা হাতিয়ে নিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠান দুটির কর্ণধার মিজানুর রহমান ও মজিবুর রহমানের খোঁজ মিলছে না প্রায় এক বছর ধরে। এ অবস্থায় টাকা ফেরত পেতে গ্রাহকেরা গত শনিবার ও গতকাল রোববার বিক্ষোভ করেন।
মিছিল শেষে ভুক্তভোগীরা সোনার বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক মিজানুর রহমানের পৌর শহরের ঘোড়াকান্দা মহল্লার বাড়ি ঘেরাও করে রাখেন। মজিবুর সম্পর্কে মিজানের উকিল শ্বশুর।
বিক্ষুব্ধ গ্রাহকেরা জানান, মিজান সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ভৈরব শাখা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ২০০৮ সালের শুরুর দিকে তিনি সোনার বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড গড়ে তোলেন। প্রতিষ্ঠান কার্যালয় নেওয়া হয় শহরের বঙ্গবন্ধু সরণি সড়কের একটি ভবনে। লোভনীয় লভ্যাংশ ঘোষণা করে তিনি অল্প সময়ের মধ্যে প্রায় দুই হাজার গ্রাহক সংগ্রহ করে ফেলেন। গ্রাহকদের বেশির ভাগ নারী। শুরুর দিকে লেনদেন ছিল স্বাভাবিক। গত বছরের জুন মাসে মিজান কার্যালয় গুটিয়ে নিজেকে আড়াল করে রাখেন। তাঁর মুঠোফোনটিও বন্ধ করে রাখা হয়। তবে প্রতিনিধির মাধ্যমে মিজান গ্রাহকদের আশ্বস্ত করেন, বিনিয়োগের টাকা ধীরে ধীরে ফেরত দিয়ে দেবেন। ওই আশায় গ্রাহকেরা এত দিন অপেক্ষায় ছিলেন।
মিজানের প্রতিষ্ঠানের মাঠকর্মী তাসলিমা বেগম জানান, তিনি নিজে মাঠ থেকে ৭০ লাখ টাকা সংগ্রহ করে মিজানকে দিয়েছেন। এখন বিনিয়োগকারীরা টাকা ফেরত পেতে নানাভাবে চাপে রেখেছেন। একই কথা বলেন আরেক মাঠকর্মী হ্যাপি বেগম। অন্যদিকে ধানসিঁড়ি মাল্টিপারপাসের গ্রাহকসংখ্যা ছিল এক হাজার ১৪৬ জন। গ্রাহকদের অভিযোগ তথ্য গোপন করে তারা অন্তত আড়াই হাজার সদস্যের সঙ্গে আর্থিক লেনদেন করছে।