টাকা নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় আটকের কয়েক ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, ডিবির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে টাকার বিনিময়ে দুজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ তিনিও পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মোস্তাফিজুর রহমান বুধবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় দায়িত্ব পালনকালে ইয়াবাসহ রোকন (২২) ও জিকু (২৩) নামের দুই তরুণকে আটক করেন। তাঁদের থানা বা ডিবি কার্যালয়ে না নিয়ে আটকের কয়েক ঘণ্টা পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।
এসআই মোস্তাফিজুর বলেন, মাদকদ্রব্য না পাওয়ায় আটকের কয়েক ঘণ্টা পর দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।